ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ডে ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান
ঝুঁকি নিয়ে ৩৩ হাজার শিক্ষার্থীর মহাসড়ক পারাপার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একের পর এক দ্রুতগতিতে ছুটে চলছে যানবাহন। সড়ক পার হওয়ার জন্য এক পাশে দাঁড়িয়ে ছিল কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের ৫০ জন ছাত্রী। একপর্যায়ে সেখানে অবস্থিত একটি বিদ্যালয়ের দারোয়ান লাল পতাকা নিয়ে গাড়ি থামিয়ে ওই ছাত্রীদের রাস্তা পার হওয়ার সুযোগ করে দিলেন।
ওই স্কুলের ছাত্রীরা এভাবেই প্রতিদিন রাস্তা পার হয়। সীতাকুণ্ডের ৫২ কিলোমিটারের মধ্যে এ ধরনের আরও ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলোর কমপক্ষে ৩৩ হাজার শিক্ষার্থী প্রতিদিন ঝুঁকি নিয়ে নিয়মিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপার হয়। আর এভাবে সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনায় গত ছয় মাসে সাতজন শিক্ষার্থী প্রাণ হারায়। ফৌজদারহাট এলাকায় গতকালও পঞ্চম শ্রেণির এক ছাত্র মারা যায়।
দুই লেনের মহাসড়কটির ওই স্থানে চার লেনে সম্প্রসারিত করার কাজ বর্তমানে প্রায় শেষ পর্যায়ে। সম্প্রসারিত দুই লাইনে এখনো গাড়ি চলাচল শুরু হয়নি। তবে চার লেনেই গাড়ি চলাচল শুরু হলে শিক্ষার্থীরা কীভাবে সড়ক পার হয়ে স্কুলে যাতায়াত করবে তা নিয়ে চিন্তিত। এ জন্য তারা মহাসড়কের পাশের প্রতিটি বিদ্যালয়ের সামনে ওভারপাস নির্মাণ করার দাবি জানিয়ে আসছে। এরই মধ্যে ওভারপাস নির্মাণের দাবিতে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদনও করা হয়েছে।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, সীতাকুণ্ডে মোট ৯৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে মহাসড়কের পাশে রয়েছে ১৬টি বিদ্যালয়। এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার। উপজেলায় মাধ্যমিক-উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা রয়েছে ৪৯টি। এর মধ্যে মহাসড়কের পাশে রয়েছে ২৩টি। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৬১৫।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের চট্টগ্রাম নগরের সিটি গেট থেকে বড় দারোগাহাট পর্যন্ত ৫২ কিলোমিটার সড়কের মধ্যে ওভারপাস নির্মাণ করা হবে মাত্র আটটি। আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রস্থ ছিল ১০ দশমিক ৩ মিটার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৮ মিটার।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন বলেন, মহাসড়কের সীতাকুণ্ড অংশে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। প্রতি মিনিটে এ মহাসড়কের উভয় পাশ দিয়ে কমপক্ষে ৬১টি গাড়ি চলাচল করে। বারআউলিয়া হাইওয়ে থানা ও কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির তথ্যমতে, গত ছয় মাসে মহাসড়কের সীতাকুণ্ড অংশে সড়ক দুর্ঘটনায় সাতজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হাসান বলেন, সীতাকুণ্ডের মতো মহাসড়কের পাশে এত স্কুল-কলেজ অন্য কোনো উপজেলায় রয়েছে বলে তাঁর জানা নেই। এখানকার বেশির ভাগ শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হয়ে স্কুল-কলেজে যেতে হয়। চার লেনে গাড়ি চলাচল শুরু হলে ঝুঁকি আরও বেড়ে যাবে।
হজরত খাজা কালুশাহ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি আলম চৌধুরী বলেন, তাঁর স্কুলের সামনে ফৌজদারহাট ওভারিব্রজ থেকে গাড়ি নামার সময় দারোয়ান সংকেত দিলেও সড়ক ঢালু হওয়ায় ইচ্ছে থাকলেও চালকেরা গাড়ি থামাতে পারেন না। তাই এখানে তিনি আন্ডারপাস নির্মাণের দাবি জানান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছোফা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বয়স ও অভিজ্ঞতা কম। তাই মহাসড়কের পাশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি করে ওভারপাস জরুরি ভিত্তিতে নির্মাণের প্রয়োজন।
সওজের সম্প্রসারিত চার লেনের সীতাকুণ্ড অংশের ব্যবস্থাপক মাসুদ করিম বলেন, চট্টগ্রামের সিটি গেট থেকে সীতাকুণ্ড পৌর সদরের বটতল এলাকা পর্যন্ত আটটি ওভারপাস নির্মাণ করা হবে। এর মধ্যে হাফিজ জুট মিল সবুজ শিক্ষায়তন উচ্চবিদ্যালয় ও বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দুটি ওভারপাস নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ শাহীন ইমরান বলেন, ওভারপাস ও ডিভাইডারের বিষয় নিয়ে তিনি সওজের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ওই কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা প্রাথমিক পর্যায়ে আটটি ওভারপাস নির্মাণ করছেন। এগুলো নির্মাণের পর প্রয়োজনীয়তা দেখা গেলে তখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।