ঝুঁকি নিয়েই চলাচল

সুরকি উঠে রড বেরিয়ে গেছে। বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন অংশে রয়েছে ফাটল। এরপরও তা চলাচলের জন্য খুলে রাখা হয়েছে। পটুয়াখালীর বাউফল-নওমালা-লোহালিয়া সড়কের এমন বেহাল তিনটি সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন ও লোক চলাচল করছে। এমনকি প্রশাসন সেতু তিনটিকে ঝুঁকিপূর্ণ মনে করলেও সতর্কতামূলক কোনো সাইনবোর্ড টাঙায়নি।
সেতু তিনটি হলো হোসনাবাদ খালের ওপর হোসনাবাদ সেতু, বিডিসি খালের ওপর বিডিসি সেতু ও পশ্চিম নওমালা নেছারিয়া সিনিয়র মাদ্রাসাসংলগ্ন খালের ওপর নওমালা সেতু। ঝুঁকি নিয়ে সেতু তিনটি দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, ট্রলি, ইজিবাইক, অটোরিকশা, নছিমন, করিমন, পিকআপভ্যানসহ শতাধিক যানবাহন চলাচল করছে। এই সেতু দিয়ে চলাচল করছে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী। সেতুগুলোকে ঘিরে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কার কথা বলেছেন স্থানীয় লোকজন।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, বাউফল-নওমালা-লোহালিয়া সড়কে ১৯৭৯-১৯৮০ অর্থবছরে ওই তিনটি সেতুসহ আরও চারটি কালভার্ট-সেতু নির্মাণ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, নওমালা সেতুটির পূর্ব পাশের মাঝখান দিয়ে সুরকি উঠে গেছে। রড বেরিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সেতুটির বেশ কয়েকটি অংশে ফাটলও রয়েছে। বিডিসি সেতুটির মাঝখানের সুরকি উঠে রড বেরিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। আর হোসনাবাদ সেতুটির ওপরের অংশের অধিকাংশ সুরকি উঠে গেছে। রড বের না হলেও সে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নওমালা সেতুটি দিয়ে নওমালা আবদুর রশিদ খান ডিগ্রি কলেজ, নওমালা মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম নওমালা নেছারিয়া সিনিয়র মাদ্রাসা, মধ্য নওমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওমালা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজারের বেশি শিক্ষার্থী চলাচল করে।
বিডিসি সেতুটি দিয়ে বিডিসি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বজলুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ যৌতা বালিকা দাখিল মাদ্রাসার এক হাজারের বেশি শিক্ষার্থী প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করে।
হোসনাবাদ সেতুটি দিয়ে এনামুল হক মামুন মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ অলিপুরা বিলবিলাস ছালেহিয়া দাখিল মাদ্রাসা, হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব যৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য যৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যৌতা অলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী নিয়মিত চলাচল করে থাকে।
স্থানীয় লোকজনের অভিযোগ, প্রায় পাঁচ মাস ধরে সেতু তিনটির এমন বেহাল অবস্থা। এগুলো মরণফাঁদে পরিণত হচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কিন্তু এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। এমনকি ঝুঁকিপূর্ণ ওই সেতু তিনটির আশপাশে কোথাও ঝোলানো হয়নি সতর্কতামূলক সাইনবোর্ড।
পিকআপভ্যানের চালক আল-আমিন বলেন, সেতু তিনটি খুবই ঝুঁকিপূর্ণ। তবু জীবনের তাগিদে ঝুঁকি নিয়েই ওই সেতুর ওপর দিয়ে চলাচল করতে হয়।
নওমালা এলাকার সমাজসেবক মো. আনোয়ার হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, সেতু ধসে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির ঘটনা ঘটলে হয়তো কর্তৃপক্ষের টনক নড়বে। এর আগে ঝুঁকিপূর্ণ সেতু তিনটি তাদের নজরে আসবে না এবং নির্মাণেরও প্রয়োজনীয়তা বুঝবে না।
নওমালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদার বলেন, এ উপজেলার পাশের দশমিনা, গলাচিপা উপজেলাসহ জেলা শহরের সঙ্গে সড়কপথে যোগাযোগের অন্যতম সহজ পথ হলো বাউফল-নওমালা-লোহালিয়া সড়ক। এ কারণে ওই সেতু তিনটি খুবই গুরুত্বপূর্ণ। তবে সেতুগুলো জায়গায় জায়গায় ভেঙে ফাটল ধরে মরণফাঁদে পরিণত হয়েছে। আর ঝুঁকিপূর্ণ ওই সেতু দিয়েই প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও শতাধিক যানবাহনে হাজারো মানুষ চলাচল করে। তিনি সেতু তিনটি পরিত্যক্ত ঘোষণা করে দ্রুত সময়ের মধ্যে চলাচলের বিকল্প পথ তৈরি করে নতুন সেতু নির্মাণের দাবি জানান।

এদিকে উপজেলা প্রকৌশলী মো. জহুরুল ইসলাম সেতু তিনটি ঝুঁকিপূর্ণ বলে স্বীকার করে বলেন, হোসনাবাদ সেতুটি মেরামতের জন্য এবং বিডিসি সেতুটি ভেঙে নির্মাণ করার প্রয়োজনীয়তার কথা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর নওমালা সেতুটির নিচ দিয়ে কয়েক বছর পানি প্রবাহিত হয় না। এ কারণে স্থানীয় লোকজন ও ইউপির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে সেটি ভেঙে সড়কের সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ ও ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাসংক্রান্ত সাইনবোর্ড টাঙানোর ব্যবস্থা নেওয়া হবে।