ঝুঁকি নিয়েই ট্রেনে যাতায়াত
হাতের মুঠোয় প্রাণ নিয়ে চরম ঝুঁকির মধ্যে লালমনিরহাট থেকে বগুড়া ও সান্তাহারগামী ৪৯২ লোকাল ট্রেনে যাতায়াত করছেন সাধারণ কর্মজীবী ও শ্রমজীবী লোকজন। লালমনিরহাট-সান্তাহার পথে ৪৮১ আপ ও ৪৮২ ডাউন মেইল ট্রেনটি এক বছর ধরে বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
বগুড়ার স্টেশনমাস্টার বেঞ্জুরুল ইসলাম বলেন, চালক অবসরে যাওয়ার কারণে এক বছরের বেশি সময় ধরে ৪৮১ আপ ও ৪৮২ ডাউন ট্রেন দুটির চলাচল বন্ধ রয়েছে।
বগুড়া, সোনাতলা, সুখানপুকুর ও গাবতলী স্টেশনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৪৮২ ডাউন মেইল ট্রেনটি প্রতিদিন বেলা ১১-১২টার দিকে বগুড়ায় আসত। এ জন্য গাইবান্ধা, বোনারপাড়া, মহিমাগঞ্জ, সোনাতলা, সুখানপুকুর ও গাবতলী থেকে শত শত যাত্রী এই ট্রেনে বগুড়া শহরে আসতেন। বিশেষ করে কর্মজীবী ও শ্রমজীবী সাধারণ মানুষের ভরসা ছিল ট্রেনটি। ট্রেনটি বন্ধ থাকায় এসব সাধারণ মানুষ এখন ৪৯২ ডাউন বা কলেজ-ট্রেনে যাতায়াত করছেন। এই ট্রেনটি সকাল আটটার দিকে বগুড়ায় আসে। এতে দুই ট্রেনের চাপ এক ট্রেনে পড়ায় প্রচণ্ড ভিড়ে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে। অন্য কয়েকটি ট্রেন চলাচল করলেও সেগুলোর সকালের কর্মমুখী সাধারণ মানুষের সময়সূচির সঙ্গে তেমন মিল নেই এবং অনেকে সেগুলোতে কম খরচে চলার সুযোগও পান না। বিকল্প পথে খরচও বেশি পড়ে।
গতকাল সোমবার সকাল সোয়া আটটার দিকে গাবতলীর সুখানপুকুর স্টেশনে গিয়ে দেখা গেছে, ট্রেনটি স্টেশন ছাড়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু যাত্রীর ভিড়ে ট্রেনে তিল ধারণের ঠাঁই মিলছে না। বগি ছাড়াও ট্রেনের ছাদ, ইঞ্জিন, পাদানি, ফটকসহ যে যেখানে পেরেছেন, বাদুড়ঝোলা হয়ে উঠে পড়েছেন।
পাদানিতে ঝুলে থাকা বগুড়ার ডিসির কার্যালয়ের কর্মচারী আবদুর রহমান বলেন, ‘৪৮২ ডাউন ট্রেনে প্রতিদিন সকালে সোনাতলার বাড়ি থেকে অফিসে যাতায়াত করতাম। কিন্তু ওই ট্রেন এক বছর ধরে বন্ধ। বাধ্য হয়ে লোকাল কলেজ-ট্রেনে অফিস করতে হচ্ছে। কিন্তু প্রতিদিনই বাদুড়ঝোলা হয়ে ট্রেনে উঠতে হয়।’ বোনারপাড়া থেকে প্রতিদিন বগুড়া শহরে কাজ করতে যান নির্মাণশ্রমিক ফরিদ মিয়া। তিনি বলেন, ‘বিয়ানবেলা ট্রেনত উঠিপার যায়্যা যুদ্ধ করা নাগচে। পরান হাতত লিয়া এম্বা করি কি যাতায়াত করা যায়?’
গাবতলীর কলেজশিক্ষক সাজেদুল করিম বলেন, সকালের দিকে বগুড়াগামী যাত্রীদের এই একটি ট্রেনই ভরসা। রিকশাচালক-শ্রমজীবীরা এই ট্রেনে উঠে বগুড়া শহরে যান কাজের সন্ধানে। সবজিচাষি, কলা বিক্রেতাসহ ছোট ব্যবসায়ীরা ট্রেনে পণ্য নিয়ে শহরে যান। চাকরিজীবীদেরও এই ট্রেনেই অফিস করতে হয়। ৪৮২ মেইল ট্রেন চালু থাকলে এই লোকাল ট্রেনে এত ভিড় হতো না।
বগুড়ার স্টেশনমাস্টার নজরুল ইসলাম বলেন, সকালের প্রথম ট্রেন হওয়ায় ৪৯২ ডাউন ট্রেনে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন। ট্রেনের ছাদে, পাদানিতেও বাদুড়ঝোলা হয়ে উঠে পড়েন। ৪৮২ মেইল ট্রেন চালু থাকলে যাত্রীদের এমন ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো না।
পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট বেলাল উদ্দিন বলেন, চালক অবসরে যাওয়ার কারণে সান্তাহার-লালমনিরহাট রুটের ৪৮১ ও ৪৮২ মেইল ট্রেন দুটির চলাচল আপাতত বন্ধ রয়েছে। চুক্তিভিত্তিক চালক নিয়োগের মাধ্যমে দ্রুত ওই দুটি ট্রেন চালু করার প্রচেষ্টা চলছে।