ঝুঁকি নিয়েই মেঘনা পাড়ি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) বারবার আশ্বাস দিয়েও বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর নৌপথে সি-ট্রাকের যাত্রা (ট্রিপ) বাড়ায়নি। এই অবস্থায় ঈদে বাড়িফেরা যাত্রীরা ছোট ট্রলারে করেই জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে ফিরছেন।
বিআইডব্লিউটিসির ভোলা ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক শিহাব উদ্দিন ও লক্ষ্মীপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ফরহাদের ভাষ্য, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর নৌপথে বর্তমানে খিজির-৫, ৭ ও ৮ নামক তিনটি সি-ট্রাক চলছে। তিনটি সি-ট্রাক শুধু একবার করেই যাওয়া-আসা করে। বেলা পৌনে একটা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর নৌপথে আর কোনো সি-ট্রাক চলে না। এই সময় ঘাটে আটকে পড়া হাজার হাজার যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে রোদে পুড়ে, ঝড়বৃষ্টিতে ভিজে ছাউনিবিহীন ছোট ট্রলারে করে উত্তাল মেঘনা পার হচ্ছেন। এ ছাড়া, একটি সি-ট্রাকে ২০০-২৫০ যাত্রীর ধারণক্ষমতা থাকলেও নিয়মিত ৫০০-৬০০ যাত্রী নিয়ে চলছে।
গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার দেখা যায়, ভোলা থেকে যাত্রীরা ট্রলারে করে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে যাচ্ছেন। মো. আলমগীর হোসেন নামের এক যাত্রী বলেন, ‘তিন ঘণ্টার যাত্রাপথে নদীতে কখনো রোদ থাকে, কখনো বৃষ্টি। সি-ট্রাক না পেয়ে ছাউনিবিহীন ট্রলারে রোদে পুড়ে, ঝড়-বর্ষায় ভিজে ঈদ শেষে গন্তব্যে ফিরছি।’
ভোলা-লক্ষ্মীপুর নৌপথের সি-ট্রাকের ইজারাদার ইয়ানুর রহমান বলেন, ঈদ সামনে রেখে সারা দিন ঘণ্টায় ঘণ্টায় সি-ট্রাক চলার অনুমতি দেওয়া উচিত। কিন্তু বিআইডব্লিউটিসির কর্মকর্তারা একটির বেশি বাড়তি ট্রিপ দিতে দিচ্ছেন না।