ঝুঁকি বেশি, ভাড়াও বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা অবরোধের কারণে জয়পুরহাটের আক্কেলপুর থেকে ঢাকা ও সিলেটগামী সবজিবাহী ট্রাকের ভাড়া দুই-তিন গুণ বেড়েছে। ঝুঁকি নিয়ে অল্পসংখ্যক ট্রাক চলাচল করলেও উৎপাদিত সবজির বেশির ভাগই উপজেলার বাইরে পাঠানো যাচ্ছে না।
কলেজ হাটের কাঁচামালের পাইকারি বিক্রেতা নিজামুল হক বলেন, অবরোধের আগে এখান থেকে ১৬ হাজার টাকায় একটি ট্রাক ঢাকায় যেত। আর সিলেটে যেত ২৫ হাজার টাকায়। এখন ভাড়া বেড়ে সিলেটে যায় ৮০-৯০ হাজার টাকায় ও ঢাকায় যায় ৩০-৩৫ হাজার টাকায়।
ট্রাকচালক তোফাজ্জল হোসেন বলেন, ‘বেশি ভাড়া পাচ্ছি বলেই অবরোধের মধ্যে ঝুঁকি নিয়েই যাচ্ছি’।
তবে বেশি ভাড়া দিয়েও পর্যাপ্ত ট্রাক ভাড়া পাওয়া যাচ্ছে না। অবরোধে নাশকতার আশঙ্কায় এলাকার অনেক ট্রাকমালিক তাঁদের ট্রাক ভাড়ায় যাচ্ছে না। পৌর সদরের কয়েকজন কাঁচামালের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অবরোধ না থাকলে
উৎপাদিত কৃষিপণ্য নিয়ে দৈনিক ১৫ থেকে ২০টি ট্রাক আক্কেলপুর ছেড়ে যেত। কিন্তু এখন পাঁচটি ট্রাকও যায় না।
ট্রাকমালিক কাজী দুলাল হোসেন বলেন, হামলার ভয়ে বাইরে কোথাও ট্রাক পাঠানো হচ্ছে না।
গত বুধবার কলেজ হাটে গিয়ে দেখা গেছে, কাঁচামালের ব্যবসায়ীরা মালামাল কিনে রেখেছেন। ঢাকায় যাওয়ার উদ্দেশে দুটি ট্রাকে আলু তোলা হচ্ছে। একটি ট্রাকের সামনের অংশে গ্রিল লাগানো হয়েছে।
ট্রাকটির চালক রায়হান বলেন, মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধকারীরা যানবাহন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছে। ঢিলের আঘাতে তাঁদেরও ক্ষতি হচ্ছে। এ কারণে পাঁচ হাজার টাকা খরচ করে ট্রাকের সামনে গ্রিল লাগিয়েছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘উপজেলার সড়কগুলোতে সব সময় পুলিশ টহল দিচ্ছে। যাত্রী ও মালামালবাহী বাস-ট্রাকগুলোর সঙ্গে পুলিশ থাকছে।’