জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দিয়েছে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টি বোর্ড। আজ বিকেলে সচিবালয়ে ট্রাস্টি বোর্ডের সভাপতি পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়।সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১৬ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলাধীন তিতাস নদীর ডান তীরে কাউতলী থেকে কাঞ্চনপুর বাজার পর্যন্ত বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্প এবং ১৮ কোটি টাকা ব্যয়ে আনোয়ারা উপজেলার পারকী বিচ-সংলগ্ন উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ উন্নীতকরণ ও সংরক্ষণ প্রকল্প। দুই কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে পটিয়া পৌরসভা বাস্তবায়নে পটিয়া পৌরসভার ড্রেনেজ-ব্যবস্থার উন্নয়ন প্রকল্প। দুই কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে পটুয়াখালী পৌরসভা বাস্তবায়নে পটুয়াখালী পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প এবং ১০ কোটি সাত লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও পৌরসভা বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁও পৌরসভার টেকসই পানি ব্যবস্থাপনা ও ড্রেনেজ-ব্যবস্থার উন্নয়ন প্রকল্প।এ ছাড়া দুটি প্রকল্প নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্প দুটি হচ্ছে ইউনিয়ন ও তথ্যসেবা কেন্দ্রে সোলার প্যানেল স্থাপন এবং উপকূলীয় এলাকায় পানি সরবরাহ ও স্যানিটেশন-ব্যবস্থার উন্নয়ন। প্রকল্প দুটিতে ব্যয় হবে ৪৪ কোটি ২৯ লাখ টাকা। ট্রাস্টি বোর্ডের পরবর্তী সভায় এ দুটি প্রকল্প চূড়ান্ত অনুমোদন পাবে। বিজ্ঞপ্তি।