জলবায়ু পরিবর্তনবিষয়ক ট্রাস্ট ফান্ড থেকে ৯৫ কোটি ৬০ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গৃহীত এসব প্রকল্প সরকারের বিভিন্ন দপ্তর বাস্তবায়ন করবে। গতকাল মঙ্গলবার জলবায়ু পরিবর্তনবিষয়ক ট্রাস্টি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়।অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে বন অধিদপ্তরের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উপকূলীয় এলাকার বনায়ন প্রকল্প, ফরেস্ট ইনফরমেশন জেনারেশন অ্যান্ড নেটওয়ার্কিং সিস্টেম, পানি উন্নয়ন বোর্ডের চর মাইনকা, চর ইসলাম, চর মন্তাজ ক্রসড্যাম নির্মাণের মাধ্যমে ভূমি পুনরুদ্ধার প্রকল্প, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া, বোয়ালখালী, রাউজান ও হাটহাজারী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত কর্ণফুলী, ইছামতী ও হালদা নদীর ভাঙনকবলিত এলাকা রক্ষার কাজ এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৌরশক্তি উৎপাদন প্রকল্প।পরিবেশ ও বন মন্ত্রণালয় সূত্র জানায়, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের জন্য ২০০৯-১০ এবং ২০১০-১১ অর্থবছরে মোট ১৪০০ কোটি টাকা বরাদ্দ ছিল। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, মন্ত্রিপরিষদের সচিব আবদুল আজিজ, অর্থসচিব মো. তারেক ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।