ঝুঁকিতে এক হাজার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষা মৌসুমের আগেই এবার শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলায় পদ্মা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে চার দফা ভাঙনে দুই উপজেলার ৪৩০ পরিবার গৃহহীন হয়েছে। এ বছর দুই উপজেলার সাড়ে ১২ কিলোমিটার এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে, যাতে গৃহহীন হতে পারে আরও এক হাজার পরিবার।

ব্র্যাকের গবেষণায় ভাঙনের আগাম এ তথ্য উঠে এসেছে। এ গবেষণায় কারিগরি সহযোগিতা করেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের ট্রাস্টি প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)। ইতিমধ্যে জাজিরার বড়কান্দি ইউনিয়নের দুর্গাঘাট থেকে নড়িয়ার ঘড়িসার ইউনিয়নের সুরেশ্বর লঞ্চঘাট পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার এলাকায় ব্র্যাকের কর্মীরা ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে হলুদ ও লাল পতাকা টাঙিয়ে দিয়েছেন।

ব্র্যাক সূত্রে জানা যায়, স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জাজিরা ও নড়িয়ার সাতটি ইউনিয়নকে চলতি বছর নদীভাঙন ঝুঁকির স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। গবেষণা থেকে জানা যায়, দুই উপজেলার পদ্মা নদীর পাড় ধরে সাতটি ইউনিয়নের প্রায় সাড়ে ১২ কিলোমিটার এলাকা ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে জাজিরার বড়কান্দি, জাজিরা, কুন্ডেরচর ও বিলাসপুর এবং নড়িয়ার মুক্তারের চর, কেদারপুর ও ঘড়িসার। বড়কান্দি ইউনিয়নের দুর্গাঘাট এলাকা থেকে ঘড়িসার ইউনিয়নের সুরেশ্বর লঞ্চঘাট পর্যন্ত নদীর পাড় থেকে ২০০-৪০০ মিটার এলাকা ডিসেম্বরের মধ্যে ভাঙনকবলিত হওয়ার আশঙ্কা রয়েছে।

গত জুনে ব্র্যাকের জরিপ অনুযায়ী, চলতি বছর ওই অঞ্চলের প্রায় এক হাজার পরিবার ও বিভিন্ন সরকারি ও সামাজিক স্থাপনা নদীভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চারটি উচ্চবিদ্যালয় রয়েছে। এ ছাড়া প্রায় ৮৮৮ হেক্টর কৃষিজমি, ১২৫ মিটার গ্রামীণ পাকা রাস্তাসহ প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন কর্মসূচির কর্মকর্তা জাফর ইকবাল বলেন, জানমাল রক্ষার্থে জনমনে সচেতনতার লক্ষ্যে ব্র্যাকের এ কর্মসূচি দেশের চারটি জেলায় বাস্তবায়িত হয়েছে। গত বছর কুড়িগ্রামের রাজীবপুর ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় নদীভাঙন ঝুঁকির পূর্বাভাস ও পরামর্শ প্রকল্পের মাধ্যমে সম্ভাব্য নদীভাঙন ঝুঁকি এলাকা চিহ্নিত করা হয়েছিল, যা শতভাগ সঠিক হিসেবে প্রতীয়মান হয়েছে। পূর্বাভাসের ভিত্তিতে যথাযথ প্রতিরোধ ও প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করলে প্রতিবছর শতকোটি টাকার সম্পত্তি রক্ষা করা সম্ভব হবে।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, শরীয়তপুরের চারটি উপজেলা পদ্মা ও মেঘনার ভাঙনকবলিত। এর মধ্যে জাজিরা ও নড়িয়ার সাতটি ইউনিয়নের ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে।

জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, গত পাঁচ বছরে শরীয়তপুরে প্রায় ২০ হাজার পরিবার গৃহহীন হয়েছে। এর মধ্যে নড়িয়া ও জাজিরার প্রায় ১৭ হাজার পরিবার। এটা খুবই উদ্বেগজনক। জেলা প্রশাসন নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করছে। পুনর্বাসনের জন্য খাসজমি বরাদ্দ দিচ্ছে।