কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়া উপজেলার সমুদ্র উপকূলের দুর্গম গ্রাম কৈয়ারবিল। সাগর একটু উত্তাল হলে বা দেয়ার ডাক শুনলে এ গ্রামের লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। গাট্টি-বোঁচকা বেঁধে নিরাপদ আশ্রয়ের প্রস্তুতি নেয়। কারণ, গ্রামটিতে সাত হাজার মানুষের আশ্রয় নেওয়ার মতো কোনো কেন্দ্র নেই। কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু আহমদ জানান, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে শুধু এই গ্রামে এক হাজার ৭০০ মানুষ মারা যায়। তখন জলোচ্ছ্বাস ঠেকানোর মতো বেড়িবাঁধ ছিল। এখন তা-ও নেই। যা ছিল, তা এরই মধ্যে সাগরগর্ভে বিলীন হয়ে গেছে। এ মুহূর্তে ঘূর্ণিঝড়সহ জলোচ্ছ্বাস হলে গ্রামের কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না। এর সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান জালাল আহমদ জানান, ’৯১-এর ঘূর্ণিঝড়ের পর এ ইউনিয়নে ১৫টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। এক যুগের বেশি সময় ধরে এগুলোর সংস্কার না হওয়ায় ইতিমধ্যে আটটি আশ্রয়কেন্দ্র ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।অনুসন্ধানে জানা গেছে, জেলার বিভিন্ন উপকূলে স্থাপিত ৫৩৪ আশ্রয়কেন্দ্রের মধ্যে বর্তমানে ১৫৪টি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বাকিগুলোর মধ্যে শতাধিক কেন্দ্র বিভিন্ন ব্যক্তির দখলে চলে গেছে। এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি এসব কেন্দ্র দখল করেন সপরিবারে বসবাসের জন্য; আবার কেউ কেউ মালামাল রাখার গুদাম হিসেবে ব্যবহার এবং মাছ ধরার জাল বোনার কাজ চালাচ্ছেন এখানে। এ ব্যাপারে প্রশাসনের কোনো তদারকি নেই। প্রাকৃতিক দুর্যোগ বা জলোচ্ছ্বাস হলে এসব কেন্দ্র জনগণের কোনো কাজে আসবে না। উল্টো মরণফাঁদে পরিণত হবে। এতে উপকূলের প্রায় ১০ লাখ মানুষ ঝুঁকির মুখে পড়বে।জানা গেছে, ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ের পর কুতুবদিয়ার ছয়টি ইউনিয়নে ৯১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘ সময় সংস্কার না হওয়ায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে ইতিমধ্যে ৫৩টি কেন্দ্র ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এরই মধ্যে উপজেলার খুদিয়ারটেক ও তালুকদারটেক গ্রামের তিনটি কেন্দ্র সাগরগর্ভে হারিয়ে গেছে। তালুকদারটেক গ্রামের একটি কেন্দ্র ধসে পড়ার সময় তিনজনের মৃত্যু হয়েছিল। একই অবস্থা সাগরদ্বীপ মহেশখালী উপজেলাতেও। এখানে ১২৩টি কেন্দ্রের মধ্যে ৭০টির বেশি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অবৈধ দখলে চলে গেছে ৩০টিরও বেশি। আশ্রয়কেন্দ্র না থাকায় ’৯১-এর ঘূর্ণিঝড়ে এই উপজেলায় ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। উপজেলার মাতারবাড়ী ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, মিয়াজিপাড়ার কেন্দ্রটির দরজা-জানালা নেই। দেয়ালেও ফাটল ধরেছে।এ ছাড়া টেকনাফে নয়টি, কক্সবাজার সদরে নয়টি, রামুতে ছয় ও উখিয়ায় আটটি আশ্রয়কেন্দ্র ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড়ে এসব কেন্দ্র ধসে পড়তে পারে। টেকনাফে রয়েছে ৩৭টি আশ্রয়কেন্দ্র। উপজেলা রেড ক্রিসেন্ট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মতিন জানান, টেকনাফে জনসংখ্যার অনুপাতে যে আশ্রয়কেন্দ্র রয়েছে, তা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত নয়। এখানে আরও প্রায় ৯৭টি আশ্রয়কেন্দ্র দরকার।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৮ সালের ১২ জুন জেলা প্রশাসক ব্যবহারের অনুপযোগী ১৫৪টি কেন্দ্র দ্রুত সংস্কার এবং জেলায় নতুন করে আরও ২৭৭টি কেন্দ্র নির্মাণের তাগাদা দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠান। কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর সংস্কার এবং নতুন করে ২৭৭টি কেন্দ্র স্থাপনের জন্য উচ্চপর্যায়ে যোগাযোগ চলছে।কক্সবাজার পরিবেশ বাঁচাও আন্দোলনের প্রধান শারমিন রেশমিন জানান, উপকূলীয় প্যারাবন ও ঝাউবাগানগুলো কেটে ফেলা হয়েছে। প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে পাহাড় কাটা চলছে। এতে কক্সবাজার দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এখন এসব উপকূলে বনায়নের পাশাপাশি প্রয়োজনীয় ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী কেন্দ্রগুলোর দ্রুত সংস্কার প্রয়োজন। নইলে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকূলের অন্তত ১০ লাখ মানুষকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।