ঝুঁকিতে গর্জনিয়া সেতু, আতঙ্কে লাখো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া সেতুর দক্ষিণের সংযোগ সড়ক। সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার আশঙ্কায় লোকজন বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালাচ্ছেন। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া সেতুর দক্ষিণের সংযোগ সড়ক। সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার আশঙ্কায় লোকজন বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চালাচ্ছেন। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া সেতুটি আবার ঝুঁকিতে পড়েছে। বাঁকখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়কটি ভেঙে পড়ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে সড়ক যোগাযোগবিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি সেতুটিও ধ্বসে পড়তে পারে। এ নিয়ে উদ্বিগ্ন চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ।

২০১৫ সালের ১৫ জুন ঢলের পানিতে বাঁকখালী নদীর ওপর তৈরি এই সেতুর দক্ষিণ পাশে প্রায় ৪০০ ফুট লম্বা সংযোগ সড়ক বিলীন হয়েছিল। এরপর দেড় বছর সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। রামু উপজেলার গর্জনিয়া-কচ্ছপিয়া ও ঈদগড়ের সঙ্গে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ও বাইশারির সরাসরি সড়ক যোগাযোগবিচ্ছিন্ন ছিল। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন লাখো কৃষক। নদী পারাপার করতে গিয়ে একাধিক নৌকাডুবির ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীসহ পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছিল। এই বর্ষা মৌসুমে আবারও সংযোগ সড়কটি বিচ্ছিন্ন হলে জনগণের দুর্ভোগের পাশাপাশি নানামুখি সংকট দেখা দেবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ২০০৫ সালে এলজিইডি প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে বাঁকখালী নদীর ওপর ১৬১ মিটার দৈর্ঘ্যের এই গর্জনিয়া সেতুটি নির্মাণ করেছিল। সেতুটি রক্ষার জন্য ২০১৪ সালের এপ্রিলে নদীর তলদেশ খনন করে স্রোতের গতিপথ পরিবর্তন করা হয়। কিন্তু পলি জমে ওই অংশ পুনরায় ভরাট হয়ে যায়।

গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, ২০-২৫ জন লোক বালুভর্তি বস্তা ফেলে সংযোগ সড়কটি রক্ষার চেষ্টা চালাচ্ছেন। এসব তদারকি করছেন গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। তিনি বলেন, মানুষের দুর্ভোগ লাঘবের জন্য গত ফেব্রুয়ারিতে ৪৪০ ফুটের বিলীন সংযোগ সড়কটি সংস্কারের পর সেতুর ওপর দিয়ে সরাসরি যানবাহন চলাচল শুরু হয়। কিন্তু গত চার দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতে সেই সংযোগ সড়কটি আবার বিলীন হচ্ছে।

চেয়ারম্যান সৈয়দ নজরুল বলেন, সেতুটির নিচের মাটি খনন করে নদীশাসনের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ২০১৬ সালে ২ কোটি ৬৬ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিয়েছিল। কিন্তু তার বাস্তবায়ন হচ্ছে না।

এ প্রসঙ্গে পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, গর্জনিয়া সেতু রক্ষার জন্য ণখালী নদীর গতিপথ নিয়ন্ত্রণে ওই প্রকল্পটি তৈরি হলেও বরাদ্দ পাওয়া যায়নি। তা ছাড়া সেতুটি এলজিইডি কর্তৃক নির্মিত। রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাঁদের।

এ প্রসঙ্গে এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী শাহেদুর রহিম বলেন, নদী খনন করে ¯স্রোতের গতিপথ নিয়ন্ত্রণ করা কঠিন। এখন সেতুটির দক্ষিণে আরও কয়েক শ ফুট সম্প্রসারণ করতে হবে। এ ব্যাপারে পরিকল্পনা চলছে।