ঝুঁকিতে চাতোপা বৌদ্ধ জাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার প্রায় ৩৫০ ফুট উঁচু পাহাড়চূড়ায় ১৭১০ খ্রিষ্টাব্দে স্থাপিত বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চাতোপা জাদিটি ঝুঁকির মুখে দাঁড়িয়ে রয়েছে। প্রায় ১০ দিন আগে প্রবল বর্ষণে জাদিটির পাশের বিশাল পাহাড় আড়াই শ ফুট নিচে ধসে পড়ে। এ সময় ভেঙে পড়ে প্রায় ২৫০টি গাছ। ফলে জাদিটি রক্ষার জন্য বৌদ্ধধর্মাবলম্বীরা উদ্বিগ্ন। কারণ জাদিটির পাশে রয়েছে বৌদ্ধধর্মাবলম্বীদের (মগ ও বড়ুয়া) একমাত্র শ্মশানটি। পাহাড়ধসের কারণে এটিও বিলীন হচ্ছে। রামু কেন্দ্রীয় সীমাবিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, সাম্প্রতিক সময়ের প্রবল বর্ষণে পাহাড়টির দক্ষিণ পাশের সীমানাপ্রাচীরসহ বিশাল অংশ ধসে পড়ায় প্রাচীর জাদিটি ঝুঁকির মুখে পড়েছে।পাহাড়ধসের কারণে ইতিমধ্যে জাদির উত্তর ও পশ্চিম পাশের সীমানাপ্রাচীর ধসে পড়েছে। এখন পাহাড়ের নিচে স্থায়ী গাইড ওয়াল তৈরি না করলে জাদিটি রক্ষা কঠিন হয়ে পড়বে। স্থানীয় বৌদ্ধ ভিক্ষু উ চেকাসারা মহাথের বলেন, ১৯৯২ সালে এই জাদির সর্বশেষ সংস্কার করা হয়েছিল। ২০১১ সালে জাদির গায়ে সোনালি রং লাগানো হয়। তবে এই পর্যন্ত জাদির সংস্কার এবং রক্ষণাবেক্ষণে কোনো ধরনের সরকারি অনুদান বা সাহায্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সুত্র জানায়, ১৭১০ সালে লাওয়ে মোরং নামের এক জমিদার পাহাড়চূড়ায় সর্বপ্রথম জাদিটি তৈরি করেন। পরে খিজারী দালালের জেঠা মংপ্রু বৈদ্য জাদিটি প্রথম সংস্কার করেন। পরবর্তী সময়ে ১৯০০ খ্রিষ্টাব্দের দিকে দ অং দালাল এটির ওপর বর্তমান জাদিটি নির্মাণ করেন।বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক সভাপতি সত্যপ্রিয় মহাথের বলেন, এই জাদি রামুর সুপ্রাচীন পুরাকীর্তি। ধর্মের দিক দিয়েও এটি অত্যন্ত গুণসম্পন্ন জাদি। এটির অপূজা, অযত্ন অবহেলা হলে এর পরিণাম ভালো হবে না বলে তিনি মন্তব্য করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মুসরাত জাহান বলেন, জাদিটি একসময় দেশি-বিদেশি পর্যটকদের নজর কাড়লেও এখন বিলীন হওয়ার পথে।ঐতিহ্যবাহী এই জাদিটি ঝুঁকির কবল থেকে রক্ষার উদ্যোগ চলছে। রাখাইন বুড্ডিষ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামু শাখার সভাপতি উতেচিং রাখাইন বলেন, পাহাড়চূড়ায় স্থাপিত ১০০ ফুট উঁচু জাদিটি সংস্কার ও সংরক্ষণের জন্য তাঁরা সাংগঠনিকভাবে কক্সবাজার জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করেছেন। কিন্তু সাড়া মিলছে না। বর্ষার এই সময়ে প্রতিরক্ষাবাঁধ তৈরি করা না গেলে জাদিটি রক্ষা করা কঠিন হবে।