
ঢাকা-আরিচা মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকার মধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা অন্যতম। সেখান থেকে
মানিকগঞ্জ সদর হাসপাতালের দূরত্ব নয় কিলোমিটার, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব ১০ কিলোমিটার। সড়ক
দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসাসুবিধা এ দুই হাসপাতালে নেই। চিকিৎসাসেবা পেতে আসতে হবে প্রায় ৭৪
কিলোমিটার দূরে রাজধানী ঢাকার হাসপাতালে।
একই চিত্র দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ মহাসড়কেও। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরেরসরাইয়ের যে স্থানে ফুটবল খেলা দেখে
ফেরার পথে ৪৪টি শিশু নিহত হয়েছিল, সেখানে পরেও দুর্ঘটনা ঘটেছে। কিন্তু চিকিৎসাব্যবস্থার উন্নতি হয়নি। দুর্ঘটনাপ্রবণ
এলাকায় চিকিৎসাসেবা ঝুঁকিতেই রয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন সড়ক
দুর্ঘটনায় আহত হয়ে। ২০১২ সালে পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালে দুই লাখ ২৬ হাজার ৪৭৬ জন চিকিৎসাসেবা
নিয়েছেন। এর মধ্যে প্রায় সাড়ে ১৪ হাজারই ছিলেন দুর্ঘটনার শিকার। এঁরা মাথায় গুরুতর ক্ষত, শরীরের বিভিন্ন অংশ
থেঁতলানো, হাড়গোড় ভাঙা এবং বুকে প্রচণ্ড আঘাত নিয়ে আসেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক তানভীর হাসান প্রথম আলোকে
বলেন, দুর্ঘটনাপ্রবণ বেশির ভাগ জায়গায় চিকিৎসাসেবার সুযোগ অপর্যাপ্ত। নিয়ম অনুযায়ী আহত রোগীদের উদ্ধারে ব্যবহৃত
গাড়িতেই প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা থাকার কথা। এর অভাব রয়েছে।
অবশ্য স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, দুর্ঘটনাপ্রবণ এলাকার কাছাকাছি হাসপাতালে অর্থোপেডিক সার্জন আছেন,
অবেদনবিদ আছেন, অপারেশন থিয়েটার আছে, ২৪ ঘণ্টা রক্ত সঞ্চালনকেন্দ্র আছে।
বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তালিকা ধরে মহাসড়কের কমপক্ষে পাঁচটি দুর্ঘটনাপ্রবণ এলাকায় খোঁজ নিয়ে দেখা
গেছে, কোথাও কোথাও শল্যচিকিৎসক আছেন, তবে অবেদনবিদ কিংবা অস্ত্রোপচারের সুযোগ নেই। মাথায় আঘাতের চিকি
ৎসার ব্যবস্থা নেই। নেই ২৪ ঘণ্টা রক্ত সঞ্চালনের ব্যবস্থা। তাঁরা দুর্ঘটনায় আহতদের কাটা-ছেঁড়াটুকু সেলাই করেন ‘রেফার’
করেন নিকটবর্তী মেডিকেল কলেজ হাসপাতাল বা বিশেষায়িত হাসপাতালে।
সুনির্দিষ্ট উদাহরণসহ প্রশ্ন করা হলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক এ বি এম হান্নান বলেন, দুর্ঘটনাপ্রবণ
এলাকা দেখেই বিশেষজ্ঞ চিকিৎসকদের বদলি করা হয়। অনেকে তদবির করে চলে আসেন।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ফেনীর মহীপাল, ফরিদপুরের ভাঙ্গা, মুন্সিগঞ্জের মাওয়া, ঢাকার ধামরাই,
টাঙ্গাইলের এলেঙ্গা, চট্টগ্রামের লোহাগড়া, কুমিল্লার শহীদনগর, হবিগঞ্জের বাহুবল, ময়মনসিংহের ভালুকা ও ঝিনাইদহে ট্রমা
সেন্টার করা হয়েছিল। এগুলোতে অর্থোপেডিকসের দুজন পরামর্শক, একজন আবাসিক চিকিৎসক, একজন কনিষ্ঠ
অবেদনবিদ ও একজন চিকিৎসা কর্মকর্তাকে পদায়ন করা হয়। সেখানে পর্যাপ্ত যন্ত্রপাতিও দেওয়া হয়। কিন্তু শহর থেকে দূরে
এই সেন্টারগুলোতে চিকিৎসকেরা থাকেননি। এ জন্য পরে তাঁদের কাছের উপজেলা ও জেলা হাসপাতালের সঙ্গে যুক্ত করা
হয়েছে বলে জানান এ বি এম হান্নান।
কুমিল্লার শহীদনগরের ট্রমা সেন্টারটি বিগত দুই সরকারের আমলে দুবার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার গিয়ে
দেখা গেছে, সেন্টারটি তালাবদ্ধ। ভালুকার ট্রমা সেন্টারে বহির্বিভাগে রোগী দেখা হয়। রোগী ভর্তির সুযোগ নেই। অন্য ট্রমা
সেন্টারগুলোরও কার্যক্রম বন্ধ।
অবশ্য সরকার এখন বলছে, ট্রমা সেন্টারের ধারণা ভুল ছিল। সরকার দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোর কাছে যেসব হাসপাতাল
আছে, সেগুলোর উন্নয়ন করতে চাইছে। তবে সে ধরনের কর্মকাণ্ডও দেখা যাচ্ছে না।
ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শল্যচিকিৎসকের পদ শূন্য। মানিকগঞ্জ সদর হাসপাতালে নিউরোলজি বা নিউরো সার্জনের
পদই নেই।
মীরেরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এস এম তবারকউল্লাহ বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা
দেওয়ার মতো প্রশিক্ষিত লোকবল এখানে নেই।
(তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রণব বল, দাউদকান্দি প্রতিনিধি আবদুর রহমান
ঢালী ও মানিকগঞ্জ প্রতিনিধি আবদুল মোমেন।)