
‘টোকিও’ মারা গেছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে তার ভাই ‘ইয়েন’। রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানার বেঙ্গল টাইগার রণবীর ও জ্যোতি জুটির প্রথম শাবক ‘টোকিও’। ‘ইয়েন’ দ্বিতীয় শাবক। টোকিওর মৃত্যু ও ইয়েনের গুরুতর অসুস্থতার খবর নিশ্চিত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানা সূত্র বলেছে, ট্রিপানোসোমিয়াসিস নামের একটি জটিল রোগে গত ১২ মে টোকিও মারা গেছে। প্রাণী চিকিৎসকেরা বলেছেন, এটি একধরনের বিশেষ মাছি বা পোকাবাহিত প্রাণঘাতী রোগ। একই রোগে আক্রান্ত হয়েছে ইয়েনও। সরকারের কেন্দ্রীয় রোগ গবেষণাগার (সিডিআইএল) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের পরীক্ষায় টোকিও ও ইয়েনের রক্তে ট্রিপানোসোমিয়াসিসের জীবাণু পাওয়া গেছে। এ ধরনের প্রাণঘাতী রোগে টোকিওর মৃত্যু ও ইয়েনের অসুস্থতায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুশ্চিন্তায় পড়েছে। এর আগে ১৯৯০ সালে এ রোগে চারটি বাঘ মারা গেছে।
প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এটি বহিরাগত জটিল রোগ। দক্ষিণ আফ্রিকায় এ রোগের প্রাদুর্ভাব আছে। সম্প্রতি ভারতের ওডিশার নন্দনকানন চিড়িয়াখানায় ট্রিপানোসোমিয়াসিস রোগে আক্রান্ত হয়ে ১১টি বাঘ মারা গেছে। মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ট্রিপানোসোমিয়াসিস রোগের অস্তিত্ব ধরা পড়ায় সেখানকার বাঘ, সিংহ, জেব্রা, জিরাফসহ হরিণজাতীয় প্রাণীতেও ছড়ানোর আশঙ্কা আছে। তাই এখনই এর প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, টোকিও মারা যাওয়ার ২৫ দিনের মাথায় (৫ জুন) ইয়েন অসুস্থ হয়। ইয়েনের চিকিৎসায় মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (এলআরআই) গবেষণা, প্রশিক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক ডা. গোলাম মাহমুদকে প্রধান করে ১২ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিড়িয়াখানার মাংসাশী শাখার কর্মকর্তা গোলাম আজম গত বৃহস্পতিবার বলেন, ইয়েনের অবস্থা অপরিবর্তিত। তাকে চিড়িয়াখানার ভেটেরিনারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) রাখা হয়েছে। তার পেছনের দুই পাসহ শরীরের কিছু অংশ অবশ হয়ে গেছে।
বিশেষজ্ঞরা বলেন, ট্রাইপানোসোমিয়াসিস রোগে আক্রান্ত হলে রক্তের হিমোগ্লোবিন নষ্ট হয়। এতে প্রাণীর দেহে দ্রুত রক্তশূন্যতা দেখা দেয়। খাবারদাবার কমে যায়। পাশাপাশি পক্ষাঘাতে আক্রান্ত হয়।
প্রাণী বিশেষজ্ঞ ও প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক ডা. গোলাম মাহমুদ বলেন, ‘ট্রিপানোসোমিয়াসিস একটি মারাত্মক রোগ। প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া আরও কী করা যায়, সে জন্য আমরা চিন্তা করছি, পাশাপাশি বহির্বিশ্বের চিড়িয়াখানার সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।’
সূত্র বলেছে, রোগটির বিস্তার রোধে প্রাণীদের মশা-মাছি থেকে রক্ষা করতে প্রকোষ্ঠের আশপাশে তারপিন তেল ও নেগোভেট ওষুধ ছিটানো হচ্ছে। তবে এই ওষুধের কারণে প্রাণী ও দর্শনার্থীদের যাতে কোনো ক্ষতি না হয়, সে জন্য খুব সকালে সতর্কতার সঙ্গে তা ব্যবহার করা হচ্ছে।
জাতীয় চিড়িয়াখানার বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইয়েনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য আনোয়ার শাহাদাৎ বলেন, টোকিওর রোগপ্রতিরোধের ক্ষমতা ছিল কম। একই অবস্থা দেখা যাচ্ছে ইয়েনেরও। মেডিকেল বোর্ড মনে করছে, জন্মের পর থেকে টোকিও ও ইয়েন মায়ের দুধ পায়নি। তারা বিশেষ খাবার ও পরিচর্যায় বেড়ে উঠছিল। এ কারণে রোগপ্রতিরোধের ক্ষমতা খুবই কম।
২০১১ সালে রাজধানীর শ্যামলী থেকে র্যাব তিনটি চোরাই ব্যাঘ্রশাবক উদ্ধার করে। পরে সেগুলোকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে তিন শাবকের বাসস্থান হয় কক্সবাজারের বঙ্গবন্ধু ডুলাহাজারা সাফারি পার্কে। ওই তিন শাবকের একটি হচ্ছে জ্যোতি।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, রাষ্ট্রীয় বন্ধুত্বের নিদর্শন হিসেবে জাপানে পাঠানোর উদ্দেশ্যে জ্যোতিকে সাফারি পার্ক থেকে এনে জাতীয় চিড়িয়াখানার বেঙ্গল টাইগার রণবীরের সঙ্গে একত্র করা হয়। জাপান যাওয়ার বিলম্বে এক খাঁচায় এই জুটির ছয় মাসের অপেক্ষায় ২৩ আগস্ট জ্যোতি প্রথম মা হয়। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সচিব (বর্তমানে অবসরে) শেলিমা আফরোজা জাপানের রাজধানীর নামানুসারে শাবকটির নাম রাখেন টোকিও। জ্যোতি দ্বিতীয়বার মা হলে নতুন শাবকের নাম রাখা হয় ইয়েন। জাপানের মুদ্রার নাম ইয়েন।
গতকাল শুক্রবার রাতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক প্রথম আলোকে বলেন, এই রোগ প্রতিরোধের জন্য যথোপযুক্ত পদক্ষেপ নিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ও চিড়িয়াখানার কিউরেটরকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে।