ঝুঁকিতে জুড়ীর ‘ভজিটিলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জায়গাটি এলাকাবাসীর কাছে ‘ভজিটিলা’ নামে পরিচিত। একসময় সেখানে ‘ভজিটিলা’ নামে একটি বিশাল আকৃতির টিলা ছিল। তার নামেই জায়গাটির এই নামকরণ; তবে টিলাটির আগের রূপ নেই। বছরের পর বছর ধরে মানুষের আঁচড়ে এটি ক্ষতবিক্ষত হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ টিলার ঢালে বসবাস করছে শতাধিক পরিবার। যেকোনো সময় এটি ধসে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের এক পাশে সদর জায়ফরনগর ইউনিয়নে ‘ভজিটিলা’ এখন ধ্বংসপ্রায় হয়ে দাঁড়িয়ে আছে।স্থানীয় ভূমি কার্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়, স্থানীয় মোহাম্মদনগর মৌজার অন্তর্ভুক্ত ভজিটিলায় মোট জায়গার পরিমাণ ২৯ একর ৯২ শতক। এলাকায় এটির মতো বড় আকারের আর কোনো টিলা নেই। এর মধ্যে সরকারি খাসজমির পরিমাণ ১৪ একর ৮৯ শতক। পাঁচ একর ৯৯ শতক জায়গা ওয়াকফ এস্টেটের, আর বাকিটা ১৩ ব্যক্তির মালিকানাধীন। ১৯৮৮-৮৯ সালে তৎকালীন সরকার টিলার ঢালে ‘গুচ্ছগ্রাম’ নামে একটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করে। এর পর থেকে পাশের ব্যক্তিমালিকানাধীন অংশ থেকে জায়গা বেচাকেনা শুরু হয়। বাড়তে থাকে জনবসতি। বর্তমানে প্রায় ১৫০টি পরিবার টিলার ঢালে বাস করছে।সরেজমিনে দেখা গেছে, গাছগাছালিশূন্য ভজিটিলার চূড়ায় হজরত শাহ সুফি জবেদ আলী নামে এক পীরের মাজার আছে। মাজারের প্রধান ফটকসহ টিলার পূর্ব, উত্তর ও পশ্চিম অংশের পাঁচটি স্থান ধসে বড় গহ্বরের মতো হয়ে গেছে। এর নিচে বেশ কিছু পাকা, আধা পাকা ও কাঁচা ঘরবাড়ি। টিলার ধসে পড়া একটি স্থানের নিচ থেকে কিছু লোক ট্রাকে বালু ওঠাচ্ছে। কয়েকটি বাড়িঘরের উঠোনে নুড়িপাথর স্তূপ করে রাখা। স্থানীয় চম্পকলতা গ্রামের বাসিন্দা এবং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ইন্তাজ আলী (৬৫) জানান, ভজিটিলা একসময় ঘন অরণ্যে ঘেরা ছিল। স্থানীয় লোকজনের পাশাপাশি সিলেটের বাইরের বিভিন্ন জেলা থেকে আসা লোকজন ভজিটিলায় জায়গা কিনে বসবাস শুরু করে।জায়ফরনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা আবদুর রকিব বলেন, ‘ভজিটিলার ভয়ংকর অবস্থা হয়েছে। লোকজনকে বালু ও পাথর ওঠাতে দেখলে আমরা নিষেধ করি।’ভজিটিলার ঝুঁকিপূর্ণ অবস্থার জন্য স্থানীয় লোকজনকে দায়ী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মণীষ চাকমা বলেন, প্রকৃতির ক্ষতি করলে সে একসময় প্রতিশোধ নেয়, ভজিটিলার অবস্থাও এ রকম হয়ে গেছে।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাক আহমদ বলেন, ‘টিলাটিতে বালুমাটির স্তর বেশি মনে হচ্ছে। বালুমাটির পানি শোষণক্ষমতা বেশি। টিলার উপরিস্তরে প্রচুর গাছপালা থাকলে পানি ধারণ করে রাখতে পারত, কিন্তু সেটা না থাকায় সমস্যা আরও বেড়ে গেছে। বৃষ্টিতে টিলা ভিজে পাথর থেকে মাটি আলগা হয়ে ধসে পড়া অংশ দিয়ে বেরোতে থাকে। একপর্যায়ে পুরো টিলাটি ধসে পড়তে পারে। তাই লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া দরকার। এ ছাড়া বালু ও মাটিখেকোদের অপতৎপরতা বন্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।’পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান জানান, ভজিটিলার বিষয়ে খোঁজখবর নিয়ে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।