ঝুঁকিতে জয়নুল সংগ্রহশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদতীরবর্তী শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সীমানাপ্রাচীর–ঘেঁষা শহররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা l প্রথম আলো
ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদতীরবর্তী শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সীমানাপ্রাচীর–ঘেঁষা শহররক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। ছবিটি গত মঙ্গলবার দুপুরে তোলা l প্রথম আলো

ময়মনসিংহ শহরে অবস্থিত শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা-সংলগ্ন এলাকায় ব্রহ্মপুত্র নদের শহররক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে সংগ্রহশালাটি। সংগ্রহশালা কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) ভাঙন সংস্কারের চিঠি দিয়েছে। কিন্তু পাউবো কোনো পদক্ষেপ নিচ্ছে না।
পাউবো জানায়, আকস্মিক এ ভাঙন দেখা দেওয়ায় সংস্কারের জন্য অর্থ বরাদ্দ পাওয়া যাচ্ছে না। এতে সংস্কারকাজ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ রাতের বৃষ্টিতে সংগ্রহশালার সীমানাপ্রাচীর ঘেঁষে প্রথম ছোট ভাঙন দেখা দেয়। ২৭ মার্চ পাউবোকে মৌখিকভাবে ভাঙনের বিষয়টি জানানো হয়। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি পাউবো। পরে ২৯ মার্চ রাতে আবারও বৃষ্টি হয়। ওই রাতে ভাঙনটি আরও বড় হয়। বর্তমানে ভাঙনটির দৈর্ঘ্য ৬৫ ফুট, প্রস্থ ৪৫ ফুটে দাঁড়িয়েছে।
সংগ্রহশালা কর্তৃপক্ষ জানায়, ভাঙনের জন্য সংগ্রহশালাটি ঝুঁকিতে আছে। আবারও বৃষ্টি হলে সংগ্রহশালার সীমানাপ্রাচীর ধসে পরার আশঙ্কা রয়েছে।
সংগ্রহশালার পাশ দিয়ে বড় নালা রয়েছে। বৃষ্টির পানি শহর থেকে ওই নালা দিয়ে ব্রহ্মপুত্রে মেশে। নালা দিয়ে পানিপ্রবাহের কারণেই ভাঙন দেখা দিয়েছে। সংগ্রহশালা কর্তৃপক্ষের দাবি, নালার গতিপথ পরিবর্তন না করে শুধু বাঁধ সংস্কার করে ভাঙন রোধ করা যাবে না।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, সংগ্রহশালার সীমানাপ্রাচীর ঘিরে বড় একটি ভাঙন। ভাঙনটি সংগ্রহশালার সীমানাপ্রাচীরের দিকে নিচ দিকে অগ্রসর হচ্ছে বলে জানান কয়েকজন প্রত্যক্ষদর্শী। ওই এলাকার ভ্রাম্যমাণ এক দোকানি বলেন, কয়েক দিন ধরে ভাঙনটি ক্রমেই বড় হচ্ছে।
সংগ্রহশালার ডেপুটি কিপার মুকুল দত্ত বলেন, ‘জয়নুল আবেদিন সংগ্রহশালার মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের ভাঙনরোধের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা পাউবো ও ময়মনসিংহ পৌরসভাকে ২৯ মার্চ লিখিতভাবে ভাঙন এলাকার সংস্কার করার জন্য বলেছি। পৌরসভা কর্তৃপক্ষ সংস্কারের জন্য পাউবোকে সুপারিশ করেছে জানিয়ে আমাদের চিঠি দিয়েছে। তবে পাউবো কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
সংগ্রহশালার সীমানাপ্রাচীর এলাকায় ভাঙন দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ময়মনসিংহের শিল্পী ও সুধীজনেরা। তাঁরা ভাঙনটি দ্রুত সংস্কার ও ভাঙনরোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
পাউবোর ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, ‘প্রতিবছর জুন মাসে আমাদের বার্ষিক অর্থ বরাদ্দ দেওয়া হয়। হঠাৎ ভাঙন দেখা দেওয়ায় আমরা এটি সংস্কারের কোনো বরাদ্দ পাচ্ছি না। তবে জরুরি বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। কবে তা পাব, সেটি বলা যাচ্ছে না।’