ঝুঁকিতে তীর সংরক্ষণ বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল হার্ড পয়েন্টের ওপর অবৈধ নৌকাঘাট আর হাট বসার কারণে তীর সংরক্ষণ বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জামালপুর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে একটি প্রকল্পের আওতায় ৪৪ কোটি টাকা ব্যয়ে গুঠাইল বাজারসহ ওই বিস্তীর্ণ এলাকাকে ভাঙন থেকে রক্ষার জন্য যমুনা নদীর তীরের ৬১০ মিটার এলাকায় তীর সংরক্ষণ বাঁধ (হার্ড পয়েন্ট) নির্মাণ করা হয়। ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে বাঁধের প্রায় ৪০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। গত বর্ষা মৌসুমে বাকি ২১০ মিটার গুঠাইল বাজারসংলগ্ন ভাঙনের মুখে পড়ে। এ সময় গুঠাইল বাজার রক্ষায় অস্থায়ীভাবে ১ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ২০০ মিটার মেরামত করা হয়।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, গুঠাইল হার্ড পয়েন্টের ওপর অবৈধভাবে গড়ে উঠেছে একটি নৌকাঘাট। নদীভাঙন রক্ষায় ক্ষতিগ্রস্ত হার্ড পয়েন্টে জিও ব্যাগ (বালুভর্তি বস্তা) ফেলা রয়েছে। সেই সব বস্তার ওপর দিয়ে নৌকার যাত্রীরা ওঠা-নামা করছেন। এ ছাড়া দ্রুতগতিতে নৌকা এসে জিও ব্যাগে ধাক্কা দিচ্ছে ও নৌকা আটকানোর জন্য লোহার নোঙর জিও ব্যাগের সঙ্গে গেঁথে রাখা হয়েছে। এসব কারণে জিও ব্যাগগুলো ফেটে বালু বের হয়ে যাচ্ছে। ফলে কোটি টাকা ব্যয়ে বাজার রক্ষা হার্ড পয়েন্টটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গুঠাইল বাজার এলাকার লোকজন বলেন, যমুনা নদী বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিল। ভাঙতে ভাঙতে নদী এখন বাজারের সঙ্গে রয়েছে। নদীভাঙনকবলিত এলাকার মানুষের একমাত্র বাণিজ্যিক কেন্দ্র ঐতিহ্যবাহী গুঠাইল বাজার। বাজারটি রক্ষায় অস্থায়ীভাবে জিও ব্যাগ দিয়ে গত বছর ভাঙন থেকে রক্ষা করা হয়েছে। লোকজন হার্ড পয়েন্টকে ব্যবসার কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন। নৌকাঘাটের পাশাপাশি প্রতি সোম ও শুক্রবার ওই হার্ড পয়েন্টের ওপর বাঁশ ও পাটের হাট বসে। ফলে হার্ড পয়েন্টটির ওপর চাপ বেড়ে যাচ্ছে। এতে ওই অংশটি বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাজার এলাকার কীটনাশক ব্যবসায়ী শাকিল আহম্মেদ বলেন, হাটের দিন বাঁধের ওপর শত শত বাঁশ ও পাটের বস্তা রেখে বেচাকেনা হয়ে থাকে। অবাধে এসব কিছু চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি।
স্থানীয় এক নৌকার মালিক রাজ্জাক মিয়া বলেন, হার্ড পয়েন্টের ওপর কোনো নৌকাঘাট ছিল না। যাত্রীদের ওঠা-নামা সহজ হওয়ায় এখানে নৌকা ভেড়ানো হয়। তবে ইজারাদার ঘাট সরিয়ে নিলে তাঁরাও সেখান থেকে চলে যাবেন।
নৌকাঘাট ইজারাদার মো. মাহামুদুল্লাহ বলেন, ৩০ লাখ টাকা দিয়ে জেলা পরিষদের কাছ থেকে নৌকাঘাটটি এক বছরের জন্য ইজারা নিয়েছেন। এত টাকা রাজস্ব দিলেও জেলা পরিষদ নৌকাঘাটের জন্য কোনো স্থান নির্ধারণ করে দেয়নি। ফলে সেই জায়গাটিই নৌকাঘাট হিসেবে ব্যবহার করা হচ্ছে।
পাউবো জামালপুরের নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী বলেন, হার্ড পয়েন্ট থেকে নৌকাঘাট সরিয়ে নেওয়ার জন্য এবং এর ওপর যাতে হাট না বসে, সে জন্য বেশ কয়েকবার সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক কারণে অভিযান চালানো সম্ভব হয়নি। তবে দ্রুত নৌকাঘাটটি হার্ড পয়েন্ট থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এ ব্যাপারে জানতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।