ঝুঁকিতে থাকা শিশুকে সুস্থ করতে ক্যাঙারু অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলশিক্ষিকা সায়েদা মেহেরুন্নেসা নবজাতককে সুস্থ করে তোলার জন্য কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ২৩ ফেব্রুয়ারি। তিন দিন পর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, মেহেরুন্নেসার বুকের সঙ্গে একটি শিশু একেবারে ল্যাপটানো রয়েছে।

মেহেরুন্নেসা বললেন, ক্যাঙারু এভাবে নিজের শাবককে বড় করে তোলে নিজের শরীরের তাপ দিয়ে। এই তিন দিনে তাঁর শিশুর ওজন বেড়েছে, আগের চেয়ে বেশি করে বুকের দুধও খাচ্ছে।

হাসপাতালের একটি কক্ষকে ‘ক্যাঙারু মাদার কেয়ার কেন্দ্র’ নাম দেওয়া হয়েছে। কর্তব্যরত নার্স জানালেন, এই কেন্দ্রে সময়ের আগে জন্ম নেওয়া (প্রিটার্ম) ও কম ওজনের (লো বার্থ ওয়েট) শিশুদের বিশেষ সেবা দেওয়া হয়।

ক্যাঙারু কেয়ার পদ্ধতিতে নবজাতককে মায়ের বুকের ওপর এমনভাবে রাখা হয় যেন দুজনের ত্বক স্পর্শ করে থাকে। এতে মায়ের শরীরের তাপে শিশু উষ্ণ হয়। বুকের ওপরে থেকেই শিশু দুধ খায়।

আন্তর্জাতিক শিশুকল্যাণ-বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন এই সেবায় কারিগরি সহায়তা দিচ্ছে। সংস্থাটির সেভিং নিউবর্ন লাইভস কর্মসূচির পরিচালক সাইদ রুবায়েত জানান, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত কুষ্টিয়ার ৬টি হাসপাতালে মোট ২৬২টি শিশু এই সেবা পেয়েছে। এদের মধ্যে মারা গেছে ৩টি। তিনি বলেন, ইনকিউবেটরের তুলনায় এই পদ্ধতি বেশি কার্যকর।

জেসমিন আখতারের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায়। বিয়ের এক বছরের মাথায় একটি সন্তান হয় আট মাসে এবং মারা যায়। পরের বছর আরও একটি সন্তানের জন্ম হয় সময়ের আগে। সেটিও মারা যায়। এর চার বছর পর ২০১৬ সালের ৩ অক্টোবর আরও একটি সন্তান হয়। এটিও সময়ের আগে। সন্তানটির ওজন ছিল ১ হাজার ৪০০ গ্রাম। ঝুঁকিতে থাকা নবজাতককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘ক্যাঙারু মাদার কেয়ার’ কক্ষে রেখে সেবা দেওয়া হয়। জেসমিন ১৩ দিন হাসপাতালে থেকে সন্তানকে ঝুঁকিমুক্ত করে বাড়ি যান।

হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক মো. আয়ুব আলী প্রথম আলোকে বলেন, প্রথম দিকে মানুষ এই সেবার ব্যাপারে আগ্রহ দেখাত না। এখন এই সেবা জনপ্রিয় হচ্ছে। সপ্তাহে দু-তিনটি শিশুকে হাসপাতালে এই সেবা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে শিশু বিশেষজ্ঞ ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা প্রথম আলোকে বলেন, ‘সময়ের আগে ও কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুর শরীরে তাপমাত্রা কম থাকে। শিশুটি যদি দুই স্তনের মাঝে থাকে তাহলে মায়ের শরীরের তাপমাত্রা শিশুর শরীরের তাপমাত্রা বাড়ায়। এটা প্রাকৃতিক বিষয়। তবে এটা যে দুর্বল শিশুকে সুস্থ করে তুলতে চিকিৎসা-প্রযুক্তি হিসেবে কাজ করতে পারে—এটাই আমাদের জানা ছিল না। আমাদের উচিত, শিশু চিকিৎসকদের এ ব্যাপারে সচেতন করা ও প্রশিক্ষণ দেওয়া।’

আফ্রিকার প্রায় সব দেশে এবং ফিলিপাইন ও মালয়েশিয়ায় সরকারি কর্মসূচিতে ‘ক্যাঙারু মাদার কেয়ার’ অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতে সরকারি কর্মসূচির অংশ না হলেও এর ব্যাপক প্রচলন আছে। এই পদ্ধতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। এর জন্য বিশেষ নির্দেশিকাও আছে সংস্থাটির।

২০০৭ সালে আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) মতলব হাসপাতালে প্রথম এই পদ্ধতি চালু করা হয়। গত সাত বছরে এই পদ্ধতি প্রয়োগ করে ৮৯০টি অপরিণত নবজাতককে সুস্থ করা হয়েছে। বিশ্বে এটা চালু হয় সত্তরের দশকে। বাংলাদেশে প্রথম আসে ১৯৯০-এর দশকে দিনাজপুরের ল্যাম্ব হাসপাতালে। আইসিডিডিআরবির মতলব হাসপাতাল ছাড়াও এ পর্যন্ত ১১টি হাসপাতালে প্রায় ১ হাজার ১০০ জন নবজাতককে ক্যাঙারু মাদার কেয়ার সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে মারা গেছে ৩১ জন।

এ বিষয়ে জানতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শৈশবকালীন অসুস্থতার সমন্বিত ব্যবস্থাপনা কর্মসূচির (আইএমসিআই) ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, আগে এ ধরনের শিশুর ইনকিউবেটরে রেখে সুস্থ করে তোলা হতো। ইনকিউবেটরে খরচ অনেক বেশি, বিশেষ করে বেসরকারি হাসপাতালে। অনেক সরকারি হাসপাতালে একটি ইনকিউবেটরে একাধিক শিশু রাখা হয়, এতে সংক্রমণ অনেক বেশি হয়। পরবর্তী স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচিতে ক্যাঙারু মাদার কেয়ার পদ্ধতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমে সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতালে এটা চালু করা হবে। এরপর সব উপজেলা হাসপাতালেই চালু করা হবে।