খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ধলিয়া খালের ভাঙনের কারণে ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া শুরু করেছে উপজেলা প্রশাসন। গত রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত ১১ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম মশিউর রহমান বলেন, টানা বর্ষণে মাটিরাঙ্গায় ধলিয়া খালের ভাঙন তীব্র হয়েছে। এর মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া এলাকা। সেখান থেকে পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে।
পৌরসভা সূত্র জানায়, ধলিয়া খালটি মাটিরাঙ্গা উপজেলা হয়ে ফেনী নদীতে মিশেছে। ভাঙন বেশি পৌরসভার বলিটিলা, নতুনপাড়া ও ভূঁইয়াপাড়া এলাকায়। এসব এলাকায় কমপক্ষে ১৫টি পরিবার ঝুঁকিতে রয়েছে।
জানতে চাইলে খাগড়াছড়ি পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নুরুল আফসার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে খাগড়াছড়ি জেলায় নদীভাঙন রোধে ৪৪৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।