লক্ষ্মীপুরের রামগতি পৌরসভাসহ চারটি ইউনিয়নে মেঘনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। চলতি বর্ষা মৌসুমেই রামগতিরহাটে নদীর বেড়িবাঁধের প্রায় এক কিলোমিটার অংশ ধসে গেছে। এতে পাউবোর স্থানীয় কার্যালয়, বড়খেরি স্বাস্থ্য উপকেন্দ্র, নৌপুলিশ ফাঁড়ি, জেলা পরিষদের ডাকবাংলো, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ রামগতিরহাট বাজার ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
রামগতি আছিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে বিদ্যালয়ের সামনের সড়কের এক পাশ ভেঙে গেছে। বালিকা উচ্চবিদ্যালয়ের পাশেই রামগতি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বলেন, সড়কটি ধসে গেলে বিদ্যালয় আঙিনায় জোয়ারের পানি প্রবেশ করবে। তা ছাড়া দুই বিদ্যালয়ের প্রায় দেড় হাজার ছাত্রছাত্রীর যাতায়াতে সমস্যা হবে।
সরেজমিনে দেখা যায়, বড়খেরি স্বাস্থ্য উপকেন্দ্র, নৌপুলিশ ফাঁড়ি, ডাকবাংলো, রামগতিরহাট বাজারসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের মুখে পড়েছে। এ ছাড়া উপজেলা পরিষদ ভবন, স্বাস্থ্য কমপ্লেক্স ও আলেকজান্ডার বাজারও ভাঙনের হুমকিতে আছে। বড়খেরি ইউনিয়নের রঘুনাথপুর, চরআলগী ইউনিয়নের উছখালি, দক্ষিণ চরআলগী, চর টগবি, চর আলেকজান্ডার ইউনিয়নের পূর্ব আলেকজান্ডার, আসলপাড়া ও বালুরচর বাংলাবাজার এলাকায় ভাঙন পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এসব এলাকায় শতাধিক বসতবাড়ি বিলীন হয়ে গেছে।
চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেল্লাল হোসেন জানান, তাঁর ইউনিয়নের আটটি ওয়ার্ড মেঘনা নদীতে বিলীন হয়েছে। এ ছাড়া চর আলেকজান্ডার ইউনিয়নের তিনটি, বড়খেরি ইউনিয়নের দুটি ও চরআলগী ইউনিয়নের একটি ওয়ার্ড নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আরও নয়টি ওয়ার্ড আংশিকভাবে (অর্ধেকের বেশি অংশ) মেঘনা নদীতে ভেঙে পড়েছে।
রামগতি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর জানান, রামগতি ও কমলনগর উপজেলায় ৩৭ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেঘনার ভাঙন প্রতিরোধের জন্য ১ হাজার ৩৫৪ কোটি টাকার একটি প্রকল্প গত বছর একনেকে অনুমোদন পেয়েছে। প্রথম পর্যায়ে ভাঙন প্রতিরোধের জন্য ১৯৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৪৬ কোটি টাকা ছাড় করা হয়েছে। তা দিয়ে আলেকজান্ডার অংশে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করা হয়েছে।