পশুপাখির খাঁচাগুলো মরচে পড়া। কোনোটির টিনের ছাউনিতে ফুটো। লোহার গ্রিল জোড়াতালি দেওয়া। নেই কোনো সীমানাপ্রাচীর। পাহাড়ের মাটি ধসে বিভিন্ন প্রাণীর আবাসস্থল হুমকির মুখে। এ অবস্থা চট্টগ্রাম চিড়িয়াখানার।
এদিকে ২০০৯ সাল থেকে কোনো নতুন প্রাণী আনা হয়নি। ২০১২ সালে একমাত্র রয়েল বেঙ্গল টাইগার মারা যায়। সেই থেকে শূন্য পড়ে আছে খাঁচাটি।
১৯৮৯ সালে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরের ফয়’স লেক এলাকায় প্রায় পাঁচ একর জায়গার ওপর চট্টগ্রাম চিড়িয়াখানা গড়ে ওঠে। গড়ে তোলার পর থেকে এর কোনো সংস্কারকাজ হয়নি।
সরেজমিনে দেখা যায়, প্রতিটি প্রাণী ও পশুপাখির খাঁচার জীর্ণদশা। এর মধ্যে হনুমান ও বানরের খাঁচার অবস্থা খুবই করুণ। খাঁচার টিনের ছাউনি ভেঙে গেছে। চারপাশের লোহার গ্রিলের বেষ্টনীও নড়বড়ে। কোনোরকমে জোড়াতালি দিয়ে রাখা হয়েছে। চিড়িয়াখানার কর্মচারীরা জানান, অনেক সময় হনুমান ও বানর খাঁচার ভেতর থেকে বাইরে বেরিয়ে যায়। পরে তাঁরা সেগুলো আবার সংগ্রহ করে আনেন।
চিড়িয়াখানার পেছনে গিয়ে দেখা যায়, কোনো সীমানাপ্রাচীর নেই। পাহাড়ের ঢাল থেকে মাটি সরে যাওয়ায় বড় বড় গাছের শিকড় দেখা যাচ্ছে। গত কয়েক দিনের বৃষ্টিতে অবস্থার আরও অবনতি হয়েছে। আর চারপাশের ঘোড়া, ভালুক, চিতাবাঘ, মেছো বিড়াল, প্যারা হরিণ প্রভৃতি প্রাণীর পাকা বসতিগুলোও ঝুঁকিতে পড়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা জরুরি ভিত্তিতে চিড়িয়াখানার সংস্কারকাজে হাত দেব। কিন্তু এখন বৃষ্টির জন্য তা সম্ভব হচ্ছে না। আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসে সীমানাপ্রাচীর তৈরির কাজেও হাত দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এ জন্য বিপুল অর্থের প্রয়োজন। অর্থের সংস্থান না হলে আমরা আপাতত কাঁটাতার দিয়ে সীমানাপ্রাচীর তৈরি করে দেব।’
চিড়িয়াখানা সূত্র জানায়, বর্তমানে রয়েছে একটি কালো ভালুক, দুটি সিংহী, চার প্রজাতির ২০টি হরিণ, ২৬টি কুমির, তিন প্রজাতির ৩৩টি বানর, দুই প্রজাতির ১০টি ময়ূর এবং ৩৫ প্রজাতির বিভিন্ন পাখি।
দুটি বাঘ, দুটি ভালুক, একটি প্যারা হরিণ, দুটি সিংহ ও কয়েকটি পাখি চেয়ে ২০১২ থেকে চলতি ২০১৪ সাল পর্যন্ত একাধিকবার পরিবেশ ও বন এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়েছে। কিন্তু এখনো কোনো সুফল মেলেনি।
চিড়িয়াখানার চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, একটি সিংহ বাঁচে বড়জোর ১২ বছর। এখানে যে দুটি সিংহী রয়েছে, সেগুলোর বয়স প্রায় আট বছর। এ অবস্থায় দ্রুত পুরুষ সিংহ সংগ্রহ করা না গেলে এগুলোকে দিয়ে প্রজনন সম্ভব হবে না। পশুপাখির রোগব্যাধি নিয়ন্ত্রণ এবং দূষণমুক্ত পরিবেশের জন্য প্রতিটি প্রাণীর জন্য ৩০-৪০ ফুট দূরত্বে পৃথক খাঁচা তৈরিরও তাগিদ দেন তিনি।
চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর মনজুর মোরশেদ চৌধুরী বলেন, ‘আমরা কোনো ভর্তুকি ছাড়া নিজেদের আয়ের টাকা দিয়ে ১৯ জন কর্মকর্তা-কর্মচারীর বেতনভাতাসহ প্রাণীদের খাবার ও বিভিন্ন সংস্কারকাজ করে থাকি। এ টাকা দিয়ে নতুন কোনো প্রাণী কেনা সম্ভব নয়। এ জন্য আমরা পরিবেশ ও বন এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সহযোগিতা চেয়ে আবেদন জানিয়েছি। কিন্তু এখনো তা পাইনি।’
রয়েল বেঙ্গল টাইগারসহ অন্য প্রাণী আনার ব্যাপারে জেলা প্রশাসক বলেন, ‘রয়েল বেঙ্গল টাইগার বিদেশ থেকে আনতে হয়। এটি খুব সহজলভ্য নয়। আমরা বাঘসহ অন্যান্য প্রাণী সংগ্রহের ব্যাপারে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি।’