ঝুঁকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলাপাড়া উপজেলার চম্পাপাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রাবনাবাদ নদের তাণ্ডবে বিলীন হয়ে যাচ্ছে l প্রথম আলো
কলাপাড়া উপজেলার চম্পাপাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রাবনাবাদ নদের তাণ্ডবে বিলীন হয়ে যাচ্ছে l প্রথম আলো

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের ‘৫৪-এর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ’ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। রাবনাবাদ নদের অস্বাভাবিক জোয়ারের কারণে যেকোনো সময় বাঁধ ভেঙে যেতে পারে—এমন আশঙ্কায় বাঁধসংলগ্ন ১৩ গ্রামের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। 
গত বুধবার সরেজমিনে দেখা গেছে, দেবপুর গ্রামসংলগ্ন বাঁধের পুরোনো অংশের অন্তত এক কিলোমিটার এলাকা মাঝখান থেকে নদীগর্ভে ভেঙে বিলীন হয়ে গেছে। যতটুকু বাঁধ এখন আছে, তা-ও জোয়ারের চাপে যেকোনো সময় ভেঙে যেতে পারে। বাঁধটি ভেঙে গেলে চম্পাপুর ইউনিয়নের দেবপুর, চালিতাবুনিয়া, পাটুয়া, মাছুয়াখালী, গোলবুনিয়া, বিনামকাটা এবং ধানখালী ইউনিয়নের লোন্দা, পাঁচজুনিয়া, নিশানবাড়িয়া, মধুপাড়া, দাসের হাওলা, অশোতলা, ছৈলাবুনিয়াসহ ১৩টি গ্রাম রাবনাবাদ নদের জোয়ারের পানিতে প্লাবিত হবে। ফলে ওই এলাকার জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়বে।
এ ছাড়া এক বছর আগে পুরোনো বাঁধের পাশে জরুরি মেরামত করে দেওয়া আড়াই হাজার ফুট রিং বাঁধও (মূল বাঁধের পাশ থেকে ছোট বাঁধ) জোয়ারের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত অমাবস্যার জোয়ারের সময় রিং বাঁধের মাঝখান থেকে ২৫ ফুটের মতো সুড়ঙ্গ হয়ে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করে। পরে স্থানীয় গ্রামবাসী নিজ উদ্যোগে মাটি ফেলে সুড়ঙ্গ হওয়া অংশ মেরামত করেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কলাপাড়া কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের জুন মাসে রাবনাবাদ নদের জোয়ারে দেবপুর গ্রামের শামসুদ্দিন মৃধার বাড়ি-সংলগ্ন পয়েন্ট থেকে বাঁধের কমপক্ষে ৭০০ ফুট ভেঙে যায়। পরে পাউবো ৫০ লাখ টাকা ব্যয় করে ভেঙে যাওয়া অংশটুকু মেরামত করে।
স্থানীয় গ্রামবাসীর অনেকে অভিযোগ করে জানান, পুরোনো বাঁধ লাগোয়া যে রিং বাঁধ এক বছর আগে করা হয়েছিল, তার রিভার সাইডের ঢাল হওয়ার কথা ছিল ৬৫ ফুট, সেখানে করা হয়েছিল ২৫ ফুট এবং কান্ট্রি সাইডের ঢাল হওয়ার কথা ছিল ৩০ ফুট, সেখানে করা হয়েছিল ১৫ ফুট। উচ্চতা ১২ ফুটের জায়গায় করা হয়েছিল ৮ ফুট। এ ছাড়া রিং বাঁধ করতে গিয়ে মাটি কাটা হয়েছে বাঁধ লাগোয়া জমি থেকে। এতে রিং বাঁধটিও ঝুঁকির মধ্যে পড়েছে।
চম্পাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রিন্টু তালুকদার বলেন, পাউবোকে বাঁধের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা জানানো হলেও কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, উপকূলীয় এলাকায় বর্ষার সময় বাঁধ মেরামত করা হয়। এর ফলে কাজের গুণগত মান ঠিক থাকে না। যার ফলে বছর যেতে না যেতেই আবার তা ক্ষতিগ্রস্ত হয়।
কলাপাড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের বলেন, ওই এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত করার একটি প্রকল্প প্রস্তাব জমা দিয়ে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।