ঝুঁকিতে বসবাস
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড় ও পাহাড়ের ঢালে প্রায় ১২ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে। বিভিন্ন সময় লোকজন পাহাড় কেটে সেখানে বসতি স্থাপন করলেও তা বন্ধে কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ নেই। ভূমিকম্প বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে এখানে পাহাড় ধসে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।বন বিভাগের স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ড পৌর সদর, কুমিরা, সলিমপুর, সোনাইছড়ি এলাকায় ১৬ হাজার ২৪৪ একর পাহাড় ও বনভূমি রয়েছে। এর মধ্যে সাড়ে তিন হাজার একর বেদখল হয়ে গেছে। কয়েক হাজার পরিবারের প্রায় ১২ হাজার মানুষ সেখানে ঘরবাড়ি তৈরি করে ঝুঁকি নিয়ে বাস করছে।সূত্র জানায়, উপজেলায় প্রায় সাড়ে তিন দশক ধরে পাহাড় দখল চলছে। ঘূর্ণিঝড়ের কবল থেকে রক্ষা পেতে অপেক্ষাকৃত নিরাপদ স্থান হিসেবে উপকূলীয় এলাকার লোকজনও এসব পাহাড় কেটে বসতি স্থাপন করেছে। বেশির ভাগ মানুষই পাহড়ের ঢালে ঘর করেছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, জঙ্গল সলিমপুর, সোনাউছড়ি, কুমিরা, বাঁশবাড়িয়া, বারৈয়াঢালা, লতিফপুর, সীতাকুণ্ড সদর এলাকায় পাহাড়ের ঢালে বসতি স্থাপন করে বসবাস করছে লোকজন। লতিফপুর, সলিমপুর ও কুমিরা এলাকায় পাহাড় কেটে অবৈধভাবে বসতি গড়ে তুলেছেন অনেক হতদরিদ্র পরিবার। সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন জানান, জমি কিনে কিনে ঘর করার সামর্থ্য এসব মানুষের নেই। এ কারণে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড় ও পাহাড়ের ঢালে বসবাস করছে।কুমিরা ইউনিয়ন পরিষদের সদস্য মনোয়ারা বেগম বলেন, ‘ছোট কুমিরা এলাকায় পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না। আমি তাঁদের বহুবার বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।’কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ফ ম মফিজুর রহমান বলেন, ‘ছোট কুমিরায় স্থানীয় প্রভাবশালীরা প্রতিদিন পাহাড় কেটে অবৈধভাবে বসতি স্থাপনের জন্য জায়গা তৈরি করছেন। পাহাড় ধ্বংসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় অভিযোগ করা হয়েছে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।’বন বিভাগের সলিমপুর বিট কর্মকর্তা আবদুস সবুর জানান, জীবনের ঝুঁকি নিয়ে এ এলাকার অনেক লোক বন বিভাগের জায়গায় অবৈধভাবে বসবাস করছে। তাদের অন্য কোথাও গিয়ে বসবাস করার জন্য বলা হলেও কাজ হচ্ছে না। ছোট কুমিরা পাহাড়ে বসবাসকারী নুরুল ইসলাম, রোকেয়া বেগম ও জয়নাল আবেদিন জানান, এলাকায় কোনো আত্মীয়স্বজন নেই, যাব কোথায়?বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, ১২ হাজার লোক পাহাড়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে বাস করছেন। ইতিমধ্যে মহাদেবপুর, বাড়ৈয়রঢালা, বারককুণ্ড ও কুমিরা এলাকার পাহাড়ে অবৈধভাবে বসবাসকারী ৫৩৩টি পরিবারের তালিকা করা হয়েছে। লতিফপুর, সলিমপুর ও সোনাইছড়ি এলাকায় পাহাড়ে বসবাসরত লোকজনের তালিকা তৈরির কাজ চলছে।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, পাহাড় ধ্বংস করা অপরাধ। এ কারণে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রউফ বলেন, পাহাড়ের ঢালে ঝুঁকি নিয়ে বাস করা লোকজন সরিয়ে আনার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা ঘরবাড়ি ছেড়ে সেখান থেকে যেতে চায় না।