ঝুঁকিতে মনু নদের বাঁধের ৩৯ স্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুলাউড়া উপজেলার মন্দিরা এলাকায় মনু নদের ক্ষতিগ্রস্ত পাড়। গত রোববার তোলা ছবি l প্রথম আলো
কুলাউড়া উপজেলার মন্দিরা এলাকায় মনু নদের ক্ষতিগ্রস্ত পাড়। গত রোববার তোলা ছবি l প্রথম আলো

মৌলভীবাজারের তিনটি উপজেলায় মনু নদের প্রতিরক্ষা বাঁধের ৩৯টি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। শুকনো মৌসুম শেষ হতে চললেও গত বর্ষায় ভেঙে যাওয়া এসব স্থান এখনো মেরামত করা হয়নি। সামনে বর্ষাকালে মনু নদে পানি বাড়লেই এই স্থানগুলো ভেঙে এলাকায় বন্যা হতে পারে। এতে লাখ লাখ মানুষের বসতঘর ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জনপ্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলায় মনু নদের ডান ও বাম তীরের ১৭০ কিলোমিটারের মধ্যে অন্তত ৩৯টি স্থান নদীভাঙনের হুমকির মুখে রয়েছে। গত বর্ষায় বিভিন্ন সময়ে এই স্থানগুলোর বাঁধের মাটি ধসে পড়েছে। বর্ষা মৌসুমে পানি বাড়লেই এই স্থানসমূহ ভেঙে যাওয়ার আশঙ্কা স্থানীয় মানুষের।

ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে আছে ডান তীরে কুলাউড়া উপজেলার আলীনগর, রাজাপুর, চাতলাপুর, আশ্রয়গ্রাম, চকসালন ও জালালপুর, তাজপুর, খন্দকারগ্রাম, মিয়ারপাড়া, সান্দ্রাবাজ, বালিয়া; রাজনগর উপজেলার উজিরপুর, একামধু, আদিনাবাদ, কোনাগাঁও ও গরুরঘাট, শ্বাসমহল, প্রেমনগর এবং সদর উপজেলার চানপুর এবং বাম তীরে আছে কুলাউড়া উপজেলার চাতলাপুর, নিশ্চিন্তপুর, সুলতানপুর, চকরণচাপ, মাহতাবপুর, হাসিমপুর, মন্দিরা; রাজনগর উপজেলার চাটিকোনাগাঁও, উত্তর চাটি, কাজিরচক, তারাপাশা, কামারচাক, ভোলানগর, খাসপ্রেমনগর এবং সদর উপজেলার বড়হাট ও বালিকান্দি, বাসুদেবশ্রী, সুমারাইসহ ৩৯টি স্থান।

গত রোববার সরেজমিনে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মন্দিরা (দক্ষিণ বাড়ইগাঁও) এলাকায় দেখা গেছে, মনু নদের পাড়ের কয়েক শ ফুটের মতো জায়গার মাটি ধসে পড়েছে। বর্তমানে খাড়া পাড়টি পায়ে চলা সরু পথের মতো হয়ে গেছে। এই স্থানের পাশেই রয়েছে একাধিক পাকা, আধা পাকা ও কাঁচা ঘরবাড়ি। এর দক্ষিণ পাশেই আরও একটি স্থানের মাটি ধসে পড়েছে। সেখানেও গত বর্ষার বিশাল ভাঙন এখনো মেরামত করা হয়নি।

মন্দিরা এলাকার বাসিন্দা সেলিম আহমদ বলেন, ‘একেবারে ভাঙনকবলিত এলাকায় বাড়ি। দুই বছর ধরি এই এলাকা ভাঙছে। কিন্তু ঠিক করা অর (হচ্ছে) না। এবার কাম (কাজ) না অইলে আশপাশের বাড়িঘর কিচ্ছু থাকতো নায়। গত বছর কত দিন যে রাত জাগি বান্দ (বাঁধ) পাহারা দিয়া কাটাইছি।’ একই এলাকার ইকবাল হোসেন চৌধুরী বলেন, মনুতে পানি বাড়লে সারা এলাকার মানুষ আতঙ্কে থাকে। এদিকে ভাঙলে হাজীপুর, কমলগঞ্জের পতনউষার, রাজনগরের কামারচাক ইউনিয়ন এলাকায় বন্যা দেখা দেবে।

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মোহাম্মদ আবদুল বাছিত বলেন, ‘আমার ইউনিয়নের অন্তত ১০টি স্থান ঝুঁকিপূর্ণ। গত বর্ষাতেই বাঁধ ভেঙে পানি ছোটার উপক্রম হয়েছিল। উপজেলা পরিষদের সভায় বাঁধ মেরামত নিয়ে আলাপ করেছি। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে মৌখিকভাবে কথা হয়েছে। এখনো একটি স্থানও মেরামত করা হয়নি। আগামী এপ্রিলের মধ্যে মেরামত করা না হলে একাধিক স্থান ভেঙে আগাম বন্যার আশঙ্কা করছি।’

 সরেজমিনে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের শ্বাসমহাল এবং টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় গিয়ে নদীভাঙন দেখা গেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে হঠাৎ মনু নদে পানি বৃদ্ধি পেলে উজিরপুর এলাকার কয়েকটি স্থানে বাঁধের মাটি ধসে পড়ে। তখন তাৎক্ষণিকভাবে বাঁশ-বেড়া দিয়ে ভাঙন ঠেকানো হয়েছিল। সেই সময় টেংরা ইউনিয়নের হরিপাশা, কান্দিরকুল ও কোনাগাঁও পর্যন্ত বিভিন্ন স্থানে বাঁধ ধসে পড়ে। এখনো সেই ধসে পড়া স্থানগুলো মেরামত করা হয়নি।

রাজনগর উপজেলার টেংরা ইউপি চেয়ারম্যান মো. টিপু খান বলেন, ‘আমার ইউনিয়নে মনু নদের অন্তত ২০টা পয়েন্টে ভাঙন আছে। এখন পর্যন্ত মেরামতের কোনো উদ্যোগ দেখছি না। বিভিন্ন সময় কাজ হয়। কিন্তু ২০ লাখ টাকার টেন্ডার হলে কাজ হয় না চার লাখ টাকার। বৃষ্টি হলেই মাটি গলে পানিতে মিশে যায়। আর বর্ষার সময় ইমার্জেন্সি কাজ শতকরা দুইভাগও হয় না।’

পাউবো মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা পাউবো কার্যালয় ‘মনু নদ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন প্রকল্প’ নামে একটি প্রকল্প পাউবোর প্রধান কার্যালয়ে জমা দিয়েছে। এই প্রকল্পে সাড়ে ১০ কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ, ১৩২ কিলোমিটার বাঁধ পুনরাকৃতি করা এবং চাটিকোনাগাঁওয়ে দেড় শ মিটারে লুপ কাটিংয়ের (বাঁক সোজা করার) প্রস্তাব দেওয়া হয়েছে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২২৩ কোটি টাকা।

পাউবো মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘বাঁধের ভাঙনগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। আমরা একটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছি। প্রকল্প পাস হয়ে আসতে আসতে এ বছর কাজ করা সম্ভব হবে না। তবে প্রকল্পটি যেভাবে তৈরি করা হয়েছে, সেভাবে তা বাস্তবায়িত হলে এলাকা স্থায়ীভাবে বন্যামুক্ত হয়ে যাবে। এ বছর আমাদের কাছে যা বরাদ্দ আছে, তা দিয়ে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।’