ঝুঁকিতে রেলওয়ের পদচারী-সেতু
পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের পদচারী–সেতুটি (ফুটওভারব্রিজ) দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সেতুর বিভিন্ন অংশে অসংখ্য ফাটল দেখা দিয়েছে। মাত্র চার বছর আগেই সাত লাখ টাকা ব্যয়ে সেতুটি সংস্কার করা হয়েছিল।
রেল সূত্রে জানা যায়, প্রতিদিন এই পদচারী–সেতু দিয়ে ট্রেনের যাত্রীসহ শহরের দুই প্রান্তের প্রায় ২৫ হাজার মানুষ চলাচল করে। মাটি থেকে এটি ১৬ ফুট ৯ ইঞ্চি উঁচুতে। লম্বায় ৪০৭ ফুট ২ ইঞ্চি ও চওড়া ১৩ ফুট। এ সেতুর চারটি সিঁড়ির মধ্যে দুটি রেলস্টেশন প্ল্যাটফর্ম এবং অপর দুটি স্টেশনের পূর্ব-পশ্চিম অংশে যুক্ত হয়েছে। নাটোরের লালপুর, গোপালপুর, বাগাতিপাড়াসহ আশপাশের মানুষও পশ্চিম প্রান্ত দিয়ে ঈশ্বরদী শহরে যাতায়াত করে। ব্রিটিশ আমলে সেতুটি তৈরি হয়েছিল। সর্বশেষ ২০১১ সালের অক্টোবরে সাত লাখ টাকা ব্যয়ে সেতুটিতে স্ল্যাব স্থাপনসহ বিভিন্ন সংস্কারকাজ করা হয়।
সরেজমিনে গতকাল সোমবার (২৫ জানুয়ারি) দেখা যায়, সেতুর চারটি সিঁড়ির মোট ১২টি স্ল্যাব ফেটে গেছে। এ ছাড়া সেতুর ওপরের অন্তত ১১০টি স্ল্যাবে ফাটল দেখা গেছে। এর মধ্যে পাঁচটি স্ল্যাব ভেঙে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সেতু দিয়ে হাঁটার সময় কথা হয় ঈশ্বরদী বাজারের ব্যবসায়ী সোহেল রানার সঙ্গে। তিনি বলেন, সেতু দিয়ে হাঁটার সময় তাঁর ভীষণ ভয় করে। মনে হয় স্ল্যাবগুলো নড়াচড়া করছে।
ঈশ্বরদী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (সেতু) হেলাল উদ্দিনও নিশ্চিত করেন, সেতুটির কয়েকটি স্ল্যাব ভেঙে গেছে। আরও কিছু স্ল্যাবে ফাটল দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে কয়েকটি স্ল্যাবও প্রতিস্থাপন করা হয়েছে। সেতু মেরামতের জন্য এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দরপত্র আহ্বানের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।