
পাহাড়ধসের পর মঙ্গলবার বিকেলে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আশ্রয় নেয় দুর্গত অনেক পরিবার। গত বৃহস্পতিবার তাদের সেখান থেকে আরেকটি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এর কারণ পাসপোর্ট ভবনের সীমানাপ্রাচীর ধসে গেছে। পাহাড়চূড়ার এই ভবনটিও ঝুঁকির মুখে রয়েছে।
আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক মো. আবদুল মোতালেব সরকার প্রথম আলোকে বলেন, পাসপোর্ট ভবনের উত্তর পাশের দেয়ালসহ বিশাল পাহাড়ের একাংশ ধসে গেছে। ভবনটি ঝুঁকিতে রয়েছে। তাঁরা গণপূর্ত বিভাগকে বিষয়টি জানিয়েছেন।
পাসপোর্ট কার্যালয়ের সামনে রাঙামাটি টেলিভিশন উপকেন্দ্র ভবনের দুই দিকের পাহাড় ধসে গেছে। ধসের ফলে ভবনটির পানি সরবরাহব্যবস্থা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এখানে অন্তত ১০০ জন দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে দুর্যোগের পর থেকে। পানির অভাবে ভবনের শৌচাগারও অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। টেলিভিশন উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাসিমুল হক বলেন, আবার ভারী বৃষ্টি হলে ভবনের অবস্থা আরও খারাপ হতে পারে।
গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা বলছেন, মঙ্গলবার ভোরে পাহাড়ধসের ঘটনায় রাঙামাটির সরকারি-বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে পড়েছে। এ তালিকায় রয়েছে পুলিশ সুপারের বাংলো, ডিসির বাংলো, রাঙামাটি টেলিভিশন উপকেন্দ্র, বেতার ভবন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের কার্যালয়, সার্কিট হাউস ভবন, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভবনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন।
সরকারি স্থাপনার মতো মানুষের ঘরবাড়ি, সড়ক, দোকানপাটও ঝুঁকিতে পড়েছে। রাঙামাটি শহরের রাস্তাঘাটেও ভাঙন ধরেছে। বিভিন্ন সড়কের এক পাশে বালুর বস্তা ও লাল পতাকা দিয়ে বিপজ্জনক এলাকা চিহ্নিত করা হয়েছে।
রাঙামাটির পুলিশ সুপার (এসপি) বাংলোর সীমানাপ্রাচীরের পাশে দাঁড়ালে বুক কেঁপে ওঠে। বাংলোটির প্রাচীরসহ বিশাল পাহাড়ের একাংশ ধসে গিয়ে মিশেছে হ্রদের সঙ্গে। হ্রদের ওপর বাংলোটির এক পাশ খাড়াভাবে দাঁড়িয়ে আছে। গণপূর্তের প্রকৌশলীর হিসাবে ১০০ ফুট নিচের হ্রদে ভবনের দেয়ালসহ পাশের পাহাড়টি ধসে পড়েছে। পাহাড় ও সীমানাপ্রাচীরের কিছু অংশ পাশের বস্তির ওপরও পড়েছিল। ভাগ্য ভালো তার আগেই বস্তির লোকজন নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল।

মৎস্য উন্নয়ন করপোরেশনের দপ্তরটি শহরের মাঝখানে বনরূপা এলাকায়। দপ্তরের সঙ্গেই করপোরেশনের পরিচালকের বাংলো। বাংলো ও দপ্তর ভবনটি পাহাড়ধসের ফলে ঝুঁকির মধ্যে রয়েছে।
গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী জহির রায়হান বলেন, পুলিশ সুপারের বাংলোটির সীমানাপ্রাচীর লাগোয়া পাহাড় অন্তত ১০০ ফুট নিচে হ্রদে গিয়ে পড়েছে। সীমানাপ্রাচীরের ভেতরের অংশে ফাটলও রয়েছে। বাংলোটি ঝুঁকিতে রয়েছে। একইভাবে সার্কিট হাউস, এনএসআই ভবন, ডিসির বাংলোসহ বিভিন্ন সরকারি দপ্তরও পাহাড়ধসের ঝুঁকিতে পড়েছে। এসব ভবনের আপাতত কোনো ক্ষতি না হলেও ভবিষ্যতে ক্ষতির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ভবনগুলোর ক্ষতি নির্ধারণের কাজ চলছে। চট্টগ্রাম-রাঙামাটি সড়কটি শহরের পুরোনো বাসস্ট্যান্ড পর্যন্ত বিস্তৃত। এই সড়কসহ রাঙামাটি শহরের অভ্যন্তরীণ সড়কেও ফাটল ধরেছে। কিছু দূর পরপর পিচঢালা সড়কে ফাটল ও ধসে পড়ার চিত্র চোখে পড়ে। শহরের রাজবাড়ির সামনে সড়কের অন্তত ১০০ মিটার এলাকার অর্ধেকজুড়ে ফাটল দেখা দিয়েছে। সড়কের তবলছড়ি এলাকার প্রায় ২০০ মিটার এলাকাজুড়ে বড় বড় ফাটল। এই ফাটলের কারণে ঝুঁকিতে পড়েছে তবলছড়ি এলাকার অন্তত পাঁচটি দোকান। তবলছড়ি থেকে অল্প দূরে মাজার এলাকার সড়কের অর্ধেক অংশে ফাটল দেখা গেছে। ইট ও বালুর বস্তা দিয়ে লাল পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে ওই স্থানে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন বলেন, ‘রাঙামাটি-চট্টগ্রাম সড়ককে আমরা এখন প্রাধান্য দিচ্ছি। এরপর অন্যান্য সড়কের সংস্কারকাজ শুরু করব।’