ঝুঁকিপূর্ণ একটি ভবন খালি, অন্যটিকে সংস্কারের নির্দেশ
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের তিনটি ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনা করেছেন। এ সময় একটি ভবন খালি, অন্য আরেকটি ভবন সংস্কার করার নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে গতকাল সোমবার নগরের সদরঘাট ও জামালখান এলাকায় এ অভিযান চালানো হয়। একই অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রি ও অসামাজিক কার্যক্রম পরিচালনার দায়ে জামালখান এলাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সদরঘাটের পিকে সেন সড়কে অবস্থিত বড়ুয়া ভবন নামের ভবনটিকে কাল (মঙ্গলবার) সকাল নয়টার মধ্যে খালি করার এবং পিকে সেন সাততলা ভবনের সংস্কারের জন্য মালিককে নির্দেশনা দেন। এ ছাড়া জামালখান এলাকায় অবস্থিত আজাদ ভবনে ফাটল দেখা দেওয়ায় ভবনের মালিককে কাগজপত্র নিয়ে আদালতের সঙ্গে দেখা করার নির্দেশ দেন। এ ছাড়া রহমানিয়া কুলিং কর্নারকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে ২৫ হাজার টাকা এবং চায়নিজ রেস্টুরেন্ট সিনোসিপকে অসামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।