ঝুঁকিপূর্ণ এলাকায় সীমিত আকারে সেনা মোতায়েন হবে: সিইসি
আসন্ন পৌরসভা নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকায় সীমিত আকারে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।পৌর নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এ কথা জানান। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।বৈঠক শেষে সিইসি বলেন, ঝুঁকিপূর্ণ বিবেচনায় সীমিত আকারে কিছু পৌরসভায় সেনা মোতায়েন করা হবে। কারও কোনো দাবিতে নয় বরং ময়মনসিংহ, টাঙ্গাইল ও সাভারের মতো কয়েকটি পৌরসভাকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগামী ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ২৬২টি পৌরসভায় নির্বাচন হবে। শামসুল হুদা জানান, বড় বড় এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে। অতীতে পৌর নির্বাচনে কখনো সেনাবাহিনী মোতায়েন করা হয়নি। প্রসঙ্গত, পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে সেনা মোতায়েনের দাবি জানানো হয়।এ প্রসঙ্গে সিইসি বলেন, ‘এটি নির্দলীয় নির্বাচন, কোনো দলের দাবিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিইনি। কয়েকটি পৌরসভায় এর প্রয়োজনীয়তা অনুভব করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি জানান, আগামী দুই-তিন দিনের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা কোন কোন পৌরসভায় সেনা মোতায়েন করা হবে, সে সম্পর্কে কমিশনকে জানাবে। নির্বাচনে তিন স্তরে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মোতায়েন করা হবে। ৩৬টি এলাকায় বিডিআর মোতায়েন করা হবে। সীমিত আকারে মোতায়েন করা সেনাসদস্যরা সব সময় টহল অবস্থায় থাকবেন। তবে তাঁরা কোনোভাবে কেন্দ্রে যাবেন না।