'ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ১৩ লাখ শিশু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু শ্রম নিষিদ্ধ থাকলেও দেশে প্রায় ১৩ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। এই শিশুদের অনেকেই শারীরিক, মানসিক ও যৌন নিপীড়নের শিকার। তাই প্রত্যেক থানায় শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। পাশাপাশি শিশুবান্ধব সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

আজ রোববার রাজধানীর ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান সম্মেলন কক্ষে ‘শিশু বান্ধব থানা ও শিশুশ্রম: বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। শাপলা নীড়, ওয়ার্ল্ড ভিশন, সেন্টার ফর সার্ভিস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মূল প্রবন্ধে সাবিরা সুলতানা বলেন, শিশু আইন ২০১৩-এর বিধি তৈরি ও দ্রুত অনুমোদন করতে হবে। প্রত্যেক থানায় শিশুবিষয়ক ডেস্ক গঠন করে শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তা নিয়োগ করতে হবে। গৃহকর্মী সুরক্ষা আইন ও কল্যাণ নীতি অনুযায়ী নির্যাতিত শিশুকে পুলিশি সহায়তা দিতে হবে। গৃহকর্মীর তথ্য ও ছবি থানায় সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ সচিব তারিক-উল-ইসলাম বলেন, শিশু অধিকার, শিক্ষা ও স্বাস্থ্য দেখভালের জন্য মন্ত্রণালয়ভিত্তিক সমন্বয় জরুরি। তা ছাড়া দেশ দ্রুত উন্নতির দিকে যাচ্ছে। অর্থনৈতিকভাবে প্রতিটি পরিবার শক্তিশালী হলে কেউ তার শিশুকে শ্রমে পাঠাবে না। তিনি বলেন, সব থানায় শিশুবান্ধব ডেস্ক করার জন্য বলা হয়েছে। তা ছাড়া শিশু ডেস্কে মহিলা পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব দিতেও বলা হয়েছে।
শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাসেম মাসুদ বলেন, শিশুশ্রম নিরসনে সরকার তিনটি প্রকল্প বাস্তবায়ন করেছে। এরই মধ্যে ৯০ হাজার শিশুকে শ্রম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া শিশুর পরিবারকে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিশুবিষয়ক শুভেচ্ছাদূত নাট্যব্যক্তিত্ব ইনামুল হক বলেন, শিশুশ্রম নিরসনসহ সমাজের সব অনিয়ম দূর করতে গেলে সবাইকে ব্যক্তিগতভাবে ভালো হতে হবে। নিজের কাজ নিজে করতে হবে, কূপমন্ডুকতা থেকে দূরে থাকতে হবে। সর্বোপরি বিজ্ঞানমনস্ক হতে হবে। তিনি বলেন, আমার বিশ্বাস, আমরা যেভাবে অর্থনৈতিকভাবে এগোচ্ছি, তাতে একটা সময় শিশু শ্রম থাকবে না। অভাব না থাকলে শিশু শ্রম নিয়ে এমন সেমিনার করারও প্রয়োজন হবে না।
আইন ও সালিস কেন্দ্রের নীনা স্যানাল বলেন, যেসব শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়, তাদের আইন ও সালিস কেন্দ্রের পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হয়।
এনজিও কর্মী আবদুর রউফ বলেন, সেমিনারে উপস্থিত প্রত্যেককে একজন করে শিশুর দায়িত্ব নিতে হবে। কেবল সরকারের একার পক্ষে শিশু শ্রম নিরসন সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে খন্দকার জহুরুল আলম বলেন, আইনে শিশু বান্ধব থানা থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই। তবে বর্তমানে পুলিশের মধ্যে এ বিষয়ে দায়িত্বশীলতা বেড়েছে।
চন্দন জে গোমেজের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন অগাস্টিন সুভাস পেরেরা, হাফিজুর রহমান, নাসরিন আহমেদ প্রমুখ।