ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নেওয়ায় ৪৬ মামলা: প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক

ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ দেওয়ার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন পর্যন্ত ৪৬টি মামলা করেছে সরকার। ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখছে সরকার।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক কর্মশালা শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক এ কথা বলেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ৩৮টি কাজকে চিহ্নিত করা হয়েছে। এই কাজে শিশুদের না দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। সরকার শিশুশ্রম নিরসনে মনিটরিং অব্যাহত রেখেছে। তিনি বলেন, ‘আমরা সেমিনারে শিশুদের জন্য বড় বড় কথা বলি। আবার বাসায় গিয়ে শিশুশ্রমে নিয়োজিত শিশুকে মারধর করি। মানসিকতার পরিবর্তন না হলে শিশুদের জন্য কোনো কাজই ঝুঁকিমুক্ত হবে না।’

‘শিশুশ্রম নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন। কর্মশালায় সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।