ঝুঁকিপূর্ণ কালভার্ট, লেগে আছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ফটিকছড়ির গহিরা-হেঁয়াকো সড়কের নয়াহাটসংলগ্ন কালভার্ট  প্রথম আলো
ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ফটিকছড়ির গহিরা-হেঁয়াকো সড়কের নয়াহাটসংলগ্ন কালভার্ট প্রথম আলো

ফটিকছড়ি উপজেলার গহিরা-হেঁয়াকো সড়কের নয়াহাট এলাকার কালভার্টটি ধসে পড়ার এক বছর পরও নতুন কালভার্ট নির্মাণ করা হয়নি। ধসে পড়া কালভার্টের ওপর লোহার পাটাতন বসিয়ে কোনো রকমে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হলেও এতে প্রায় সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। গত এক বছরে ওই কালভার্টে অর্ধশতাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত ও শতাধিক পথচারী আহত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ফটিকছড়ি কার্যালয় সূত্র জানায়, স্বাধীনতার পর গহিরা-হেঁয়াকো সড়কের নয়াহাট এলাকায় ৩০ ফুট দৈর্ঘ্যের বক্সকালভার্টটি নির্মাণ করা হয়। ওই কালভার্ট দিয়ে সর্বোচ্চ পাঁচ টন ধারণক্ষমতার যানবাহন চলাচল করার কথা। কিন্তু নিয়ম উপেক্ষা করে তিন-চার গুণ বেশি ওজনের যানবাহন চলাচল করায় কালভার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
সর্বশেষ গত বছর বন্যা ও পাহাড়ি ঢলে কালভার্টের একপাশ ধসে যায়। পরে সওজ কালভার্টটির ওপর একটি লোহার পাটাতন বসিয়ে কোনো রকমে যান ও জন চলাচলের ব্যবস্থা করে।
সড়কটি দিয়ে উপজেলার লেলাং, রাঙ্গামাটিয়া, ধুরং, চৌমুহনী, নানুপুর, ঢালকাটা, বিনাজুরি, চাড়ালিয়াহাট, শাহনগর , নয়াহাটসহ এলাকার ১০টি অভ্যন্তরীণ সড়কের যানবাহন চলাচল করে।
২১ সেপ্টেম্বর সরেজমিনে দেখা যায়, লোহার পাটাতনের ফাঁকে সিএনজিচালিত একটি অটোরিকশা আটকা পড়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় এটি উদ্ধার করছেন চালক মোজাম্মেল উদ্দিন। তিনি বলেন, কালভার্টটি পার হওয়ায় সময় পাটাতন সরে গিয়ে প্রায় সময় গাড়ি আটকে যায়। এতে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়, যাত্রীরাও আহত হয়।
স্থানীয় বান্দািরা জানান, সওজ বিভাগ লোহার পাটাতনটি সঠিকভাবে না বসানোর কারণে গাড়ি চলাচলের সময় এটি নড়ে যায়। এ কারণে কালভার্টের ওপর গাড়ি আটকে গিয়ে প্রায় সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটে। তাঁরা জানান, ১৫ সেপ্টেম্বর গাড়ি চলাচলের সময় কালভার্টের পাটাতন ছিটকে পড়ে মাহালিয়া টিলার করিম উদ্দিন ও মো. আনোয়ার এবং লেলাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শাহীন, মহিবুল্লাসহ কয়েকজন আহত হয়।
ব্যবসায়ী শাফায়াত উল্লাহ জানান, কালভার্টের ওপর দুর্ঘটনার শিকার হয়ে গত মাসে সাত-আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত ও অন্তত ১০ ব্যক্তি আহত হয়।
লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী বলেন, কালভার্টটি এলাকাবাসীর জন্য বিষফোঁড়া। সারা বছরই এখানে দুর্ঘটনা লেগে আছে। এটি নতুন করে নির্মাণের জন্য সওজ কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো কাজ হয়নি।
সওজের উপবিভাগীয় প্রকৌশলী শফিউল্লাহ খান জানান, বিভিন্ন সময় দুর্ঘটনার কথা তিনি শুনেছেন। কিন্তু অর্থসংকটের কারণে এটির নির্মাণকাজ করা যাচ্ছে না। তাই আপাতত পাটাতন বসিয়ে যান চলাচল সচল রাখা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।