ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ভিডিও ধারণ হবে নিরবচ্ছিন্নভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্নভাবে ভিডিওচিত্র ধারণ করা হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত নির্বাচনী আইনশৃঙ্খলাবিষয়ক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্র জানিয়েছে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিশনার এম সাখাওয়াত হোসেন, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল আবদুল ওয়াদুদ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচনী মাঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে জন্য র‌্যাব, পুলিশ, বিডিআর ও সেনাবাহিনী নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবে। নির্বাচনী অপরাধের সাজা দেওয়ার জন্য ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ জুন থেকে এবং আরও ২১ জন ম্যাজিস্ট্রেট ১০ জুন থেকে কাজ শুরু করবেন। নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য বিচারিক হাকিমরাও ৩ জুন থেকে কাজ শুরু করবেন।ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে সিইসি বলেন, ‘পুলিশ-র‌্যাব অনুসন্ধান করে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করবে। আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বিভিন্ন কারণে হতে পারে। কোনো কেন্দ্র প্রার্থীর বাড়ির কাছাকাছি হওয়ার কারণেও সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এ নিয়ে আগামী ৫ জুন আমরা আবারও বৈঠকে বসব।’বৈঠক সূত্রে আরও জানা গেছে, ভোট গ্রহণের সময় যাতে কোনো ধরনের সহিংস ঘটনা বা অনিয়ম না ঘটে, সে জন্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্নভাবে ভিডিওচিত্র ধারণ করা হবে। এসব কেন্দ্রের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাহিনীগুলোকে কড়া নির্দেশনা দেওয়া হবে। প্রয়োজনে ওই সব কেন্দ্রে মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে ভোটারদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে।বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে ধূমপান নিষিদ্ধ এবং দেশলাই ও দাহ্য পদার্থ বহনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হবে। নির্বাচনের কয়েক দিন আগে থেকে বৈধ অস্ত্রের লাইসেন্সধারীরা যাতে অস্ত্রসহ চলাচল না করেন, সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হচ্ছে: নির্বাচন কমিশন জামালখান এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। গতকালের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ২১ নম্বর ওয়ার্ডে মোট ১৪টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ৭৯টি। ভোটারসংখ্যা ২৫ হাজারের বেশি।জানা গেছে, কমিশন থেকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহযোগিতায় ১৩০টি ইভিএম তৈরি করা হয়েছে। ভোট গ্রহণের দিন এসব মেশিন পরিচালনায় কারিগরি সহযোগিতা দেবে বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগ।