ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তা দেবে শিশু-কিশোরেরা!

মাদারীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন আজ বৃহস্পতিবার৷ নির্বাচনে ১১৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৯৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন৷ ওই সব কেন্দ্রের নিরাপত্তার জন্য দেড় শতাধিক শিশু-কিশোরকে দায়িত্ব দিয়েছে আনসার ও ভিডিপি৷
গতকাল বুধবার মাদারীপুর পুলিশ লাইনে ওই সব শিশু-কিশোরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়৷ আজ বৃহস্পতিবার বিকেলে ভোট শেষ না হওয়া পর্যন্ত তাদের দায়িত্ব পালন করার কথা৷ এদিকে নির্বাচনের প্রচারণাসহ সংশ্লিষ্ট সব কাজে শিশু-কিশোরদের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকলেও নিরাপত্তার মতো ঝুঁকিপূর্ণ দায়িত্ব তাদের দেওয়ায় সমালোচনার ঝড় উঠেছে৷
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত সদর উপজেলায় মোট ভোটার দুই লাখ ৩১ হাজার ৪৮৪ জন। ১১৪টি কেন্দ্রের মধ্যে ৯৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে তারা। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি নেজারত কালেকটর (এনডিসি) রাহেদ হোসেন বলেন, নির্বাচন সামনে রেখে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
গতকাল জেলা পুলিশ লাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তঁাদের নির্বাচনী দায়িত্ব ও সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়৷ এর মধ্যে বেলা ১১টা থেকে আনসার ও ভিডিপি সদস্যদের বিফ্রিং করা হয়৷
বেলা একটার দিকে পুলিশ লাইনের সামনের সড়কে দেখা যায়, আনসার ও ভিডিপির যেসব সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের দেড় শতাধিক সদস্যের বয়স ১২ থেকে ১৬ বছর৷ কথা বলে জানা গেল, তাদের অধিকাংশই স্কুলছাত্র৷ কেউ কেউ এবার এসএসসি পরীক্ষাও দিয়েছে৷
মোস্তফাপুর গ্রামের সোহেল (১২) ও আরিফ (১২) জানায়, নানাবাড়ি বেড়ানোর কথা বলে তারা কিছু অর্থ উপার্জনের উদ্দেশ্যে আনসারের দায়িত্ব পালন করতে এসেছে৷
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানায়, তাদের পরিবারের সদস্যরা জানেন না তারা নির্বাচনের দায়িত্ব পালন করছে৷
এ ব্যাপারে জানতে চাইলে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ইয়াসিন আরাফাত প্রথম আলোকে বলেন, নির্বাচনের জন্য এক হাজার ৩৬৮ জনকে পাঁচ দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে৷ প্রতিদিন ৩২০ টাকা হারে পরিশোধ করা হবে৷ কিন্তু গতকাল পুলিশ লাইনে ব্রিফিং করার সময় ১৩-১৪ বছর বয়সী ৪০ জনকে দেখা গেছে৷ তাদের পরিবর্তে আজ সকালে পূর্ণবয়স্ক ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হবে৷
কমান্ড্যান্ট আরও বলেন, ইউনিয়ন আনসার ও ভিডিপির প্রধানদের মাধ্যমে অস্থায়ীভাবে নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে৷ শিশুদের নিয়োগ দেওয়ার ব্যাপারে ওই সব ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
রিটার্নিং কর্মকর্তা রাহেদ হোসেন বলেন, শিশু-কিশোরদের আনসার ভিডিপি হিসেবে নিয়োগ দেওয়া অবৈধ৷ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷