ঝুঁকিপূর্ণ খুঁটিতে বিদ্যুৎ সরবরাহ
বগুড়ার শেরপুরে ময়লা-আবর্জনা জমে জমে মরিচা পড়ে খয়ে গেছে স্টিলের তৈরি বিদ্যুতের অন্তত ৩০টি খুঁটির গোড়া। হেলে পড়েছে পৌর শহরের জগন্নাথপাড়ার বৈদ্যুতিক খুঁটিটি। দীর্ঘ সময় ধরে এ অবস্থা থাকলেও মেরামত করা হচ্ছে না এসব খুঁটি। ঝুঁকিপূর্ণ এসব খুঁটি দিয়েই টানা হয়েছে বিদ্যুৎ সঞ্চালন তার।
সরেজমিনে গতকাল সোমবার শহরের বিভিন্ন মহল্লা ঘুরে দেখা গেছে, এ রকম ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন খুঁটি রয়েছে শহরের ডি জে হাইস্কুলের ঠিক সামনেও। জগন্নাথপাড়ার খুঁটিটির মতো এটি দিয়েও টানা হয়েছে ১১ কেভির বিদ্যুৎ সঞ্চালন তারের সঙ্গে ৪৪০ ভোল্টেজের তার। এখানেও খুঁটিটির নিচের অংশ মরিচা পড়ে খয়ে গেছে। এ ছাড়া শহরের রামচন্দ্রপুরপাড়ায় খেলার মাঠের পশ্চিম পাশে ও বৈকালবাজার এলাকায় পৌর শহরের পানি নিষ্কাশনের নালার মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে অন্তত চারটি বৈদ্যুতিক খুঁটি।
জগন্নাথপাড়ার বাসিন্দাদের অভিযোগ, তাঁদের মহল্লার মধ্যে পাঁচ-ছয় বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় দুটি বৈদ্যুতিক খুঁটি দাঁড়িয়ে আছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। সংশ্লিষ্ট বিভাগের লোকজন এসে মাঝেমধ্যে শুধু দেখে যান। খুঁটি দুটি এখনো অপসারণ করা হয়নি।
জগন্নাথপাড়া এলাকার ওয়ার্ড কাউন্সিলর (৫ নম্বর) চন্দনকুমার দাস বলেন, সমস্যাটি নিয়ে তিনি একাধিকবার উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয়ে যোগাযোগ করেছেন। এতে কোনো কাজ হয়নি। এ ওয়ার্ড কাউন্সিলর দুদফায় নির্বাচিত হয়ে প্রায় ১০ বছর ধরে পদটিতে আছেন। তিনি অন্তত চার থেকে পাঁচ বছর ধরে এ রকম ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখছেন খুঁটিটি।
জগন্নাথপাড়ার বাসিন্দা স্বপন কর্মকার বলেন, শহরের প্রধান সড়কটি এ পাড়ার মধ্য দিয়ে চলে গেছে। ঝুঁকিপূর্ণ খুঁটির কারণে সড়কটি দিয়ে চলাচল করাও ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
শহরের বৈকালবাজার এলাকার ব্যবসায়ী স্বপন সাহা বলেন, তাঁদের মহল্লায় পৌর কর্তৃপক্ষ পানি নিষ্কাশনের গভীর নালা নির্মাণের সময় ৪৪০ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন তারযুক্ত চারটি খুঁটি এ নালার মধ্যে পড়ে। সে অবস্থাতেই খুঁটিগুলো রেখে নালা করা হয়। এর মধ্যে একটি খুঁটি কমপক্ষে ১৫ দিন আগে হেলে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখে গেলেও এখনো মেরামতের কোনো উদ্যোগ নেয়নি।
উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবদুল হামিদ ঝুঁকিপূর্ণ ওই সব খুঁটির অস্তিত্ব নিশ্চিত করে বলেন, উপজেলায় এ ধরনের ঝুঁকিপূর্ণ স্টিলের খুঁটি রয়েছে কমপক্ষে ৩০টি। ১৯৯০-৯১ সালে এক প্রকল্পের মাধ্যমে এসব খুঁটি স্থাপন করা হয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে ওই কার্যালয়ের এক কর্মচারী বলেন, বিদ্যুৎ সঞ্চালনের ঝুঁকিপূর্ণ ওই সব খুঁটি যেকোনো সময় ভেঙে পড়ে জীবনহানির ঘটনা ঘটতে পারে।
শেরপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, শহরের মধ্যে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটিগুলো অপসারণ করে সেখানে নতুন খুঁটি স্থাপনের জন্য পৌরসভা থেকে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ওই বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ ফিরোজ কবির বলেন, তিনি এখানে নতুন এসেছেন। অনেক সমস্যার বিষয়ে তিনি এখনো কিছু জানেন না। তবে বিদ্যুৎ সঞ্চালনের খুঁটি নিয়ে যে সমস্যা তা সমাধানে উদ্যোগ নেবেন বলে জানান তিনি।