
রাজধানীর সড়ক ও ফুটপাতের পাশের কোন গাছ ঝুঁকিপূর্ণ, তা চিহ্নিত করার কেউ নেই। তবে হেলে পড়া, উপড়ে পড়া, মরা গাছ কাটার দায়িত্ব সিটি করপোরেশনের। যদিও এসব ঝুঁকিপূর্ণ গাছ শনাক্ত করার জন্য সিটি করপোরেশনের আলাদা কোনো ব্যবস্থা নেই।
পরিবেশ রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত ও নগর বিশেষজ্ঞরা বলছেন, সিটি করপোরেশন, ঢাকা পানি ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষসহ (ওয়াসা) বিভিন্ন সেবা সংস্থা নানান সময়ে সড়ক খোঁড়াখুঁড়ি করে। খোঁড়াখুঁড়ির কারণে অনেক সময় সড়ক ও ফুটপাতের পাশে লাগানো গাছের শিকড়ও কাটা পড়ে। আবার ফুটপাত উন্নয়নের ফলেও গাছের শিকড় বিস্তৃত হতে পারে না। তাই মাটির ওপর গাছগুলো আপাতত সজীব দেখালেও ভেতরে অনেকটাই দুর্বল থাকে। এতে প্রায়শই সড়কের পাশের গাছ উপড়ে পড়ে ছোট-বড় দুর্ঘটনার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে। সামনে কালবৈশাখীতে এই ঝুঁকি আরও বাড়তে পারে।
গত সোমবার এমনই এক দুর্ঘটনায় প্রাণ হারান প্রখ্যাত চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠু। ধানমন্ডির ৪ নম্বর সড়কের ফুটপাতের একটি বিশাল আকৃতির কৃষ্ণচূড়াগাছ শিকড় থেকে উপড়ে খালিদ মাহমুদ মিঠুকে বহন করা রিকশাকে চাপা দেয়। দুমড়ে-মুচড়ে যায় রিকশাটি। এতে মৃত্যু হয় তাঁর। রিকশাচালক আবদুল জলিল প্রাণে বেঁচে যান। গত ২৪ ফেব্রুয়ারিতে ঝড়ে রাজধানীর কয়েকটি স্থানে গাছ উপড়ে পড়ে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ থেকে জানা যায়, গাছ কাটার এখতিয়ার বা ক্ষমতা কোনোটাই সম্পত্তি বিভাগের নেই। কোনো গাছ ঝুঁকিপূর্ণ বা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি না, তা শনাক্ত করার কোনো ব্যবস্থাও সিটি করপোরেশনের নেই। কোনো গাছ ঝুঁকিপূর্ণ মনে হলে এলাকার লোকজন বা আঞ্চলিক কার্যালয় থেকে সম্পত্তি বিভাগকে জানালে তারা ব্যবস্থা নেয়।
অবশ্য পরিবেশ ও বন মন্ত্রণালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত গাছ কর্তনবিষয়ক কমিটির অনুমতি নিয়েই সিটি করপোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। তবে ঝড়ে উপড়ানো কোনো গাছ সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করলে সিটি করপোরেশন তাৎক্ষণিক তা সরিয়ে নেয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ বলেন, ‘গাছগুলো সিটি করপোরেশন দেখভাল করে না, এটা বলা ঠিক হবে না। তবে প্রতিটি গাছ ধরে পরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই। কোনো গাছ জনস্বার্থের ব্যাপারে হুমকি এমন খোঁজ এলে তা অপসারণ করার ব্যবস্থা করা হয়।’
সড়ক ও ফুটপাতের পাশে কত গাছ আছে, সেই পরিসংখ্যান নেই ঢাকার দুই সিটি করপোরেশনের কাছে। এসব গাছ কে লাগিয়েছে, কার গাছ—এ বিষয়েও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। ১৯৭৮ সালের আগে তৎকালীন ঢাকা পৌরসভা শহরের বিভিন্ন স্থানে গাছ লাগিয়েছিল। একইভাবে গণপূর্ত বিভাগ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগের লাগানোও অনেক গাছ আছে। এসব গাছের তথ্য সিটি করপোরেশনের কাছে নেই।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক ও নগরবিদ ইকবাল হাবিব প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন রাস্তা কাটার অনুমতি দেয়। তাই রাস্তার পাশের গাছের দেখাশোনার দায়িত্বও তার। কোনো গাছ ঝুঁকিপূর্ণ হলে তা ঘোষণার দায়িত্বও সিটি করপোরেশনের।’ দুর্ঘটনা এড়াতে গাছের তালিকা করে তা নিয়মিত দেখভাল করা উচিত বলে পরামর্শ দেন এই নগরবিদ।
কোথায় কোন জাতের গাছ লাগানো হবে এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ কোন সংস্থা করবে—এগুলোর একটি সুনির্দিষ্ট নীতিমালা করা প্রয়োজন বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিবেশ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারেক বিন ইউসুফ। তিনি প্রথম আলোকে বলেন, গাছ শুধু লাগালেই হবে না। সেগুলো কে দেখাশোনা করবে, সেটার টেকসই কর্মসূচিও থাকতে হবে।