ঝুঁকিপূর্ণ গাড়িতে চড়ে মাঠে যায় শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তঃ প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য যাতায়াত ভাতা বাবদ কোনো বরাদ্দ নেই। তাই স্কুলের শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ যানবাহনে চড়ে মাঠে গিয়ে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের খেলায় অংশ নেয়।গত বছরের ১১ জুলাই খেলা শেষে ফেরার সময় মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীসহ ৪৪ জন নিহত হয়। মর্মান্তিক ওই দুর্ঘটনার পর নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও শিক্ষার্থীদের নিরাপদ বাহনের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। ফলে ২০১২ সালের ফুটবল টুর্নামেন্টেও শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে দূরদূরান্তে ছুটছে।জানতে চাইলে পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ বলেন, ‘যদি যাতায়াত ও আপ্যায়নের জন্য বরাদ্দ থাকত, তাহলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা ও উদ্দীপনা আরও বাড়ত।’ তিনি বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা পরিচালনার জন্য দুই হাজার টাকা করে বরাদ্দ রয়েছে। খেলোয়াড়দের মাঠে নিয়ে যাওয়ার জন্য আলাদা কোনো বরাদ্দ নেই।’ জানা গেছে, পটিয়া উপজেলা বঙ্গবন্ধু কাপ ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে হাবিলসদ্বীপ বেলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটি সাত ম্যাচ খেলেছে। তার মধ্যে চারটি খেলতে হয়েছে প্রায় ১০ কিলোমিটার দূরে পটিয়া উপজলা সদরে। এ জন্য ম্যাচপ্রতি গড়ে যাতায়াত ও আপ্যায়ন খাতে তাদের খরচ হয়েছে এক হাজার টাকা করে। এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিজেরা এবং অভিভাবক ও স্থানীয় লোকজনের কাছ থেকে টাকা নিয়ে আমরা ম্যাচ খেলতে যাই। এ জন্য কোনো বরাদ্দ নেই। টেম্পো ও চাঁদের গাড়িসহ এ ধরনের গাড়িতে করে শিক্ষার্থীদের নিয়ে যাই। যেহেতু আমাদের স্কুল তিন বছর ধরে ফাইনাল খেলছে, তাই প্রতিবছর সবার কাছে টাকা চাওয়াও যায় না।’ ব্যয়ভার বহনের ঝামেলা এড়াতে অনেক স্কুল অপেক্ষাকৃত দুর্বল দল গঠন করে তাড়াতাড়ি টুর্নামেন্ট থেকে বিদায় নিতে চায় বলেও অভিযোগ রয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, আনোয়ারা, পটিয়া, রাউজান, ফটিকছড়িসহ বিভিন্ন উপজেলার প্রায় প্রতিটি স্কুল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এটি বাধ্যতামূলক। পটিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আহমদ বলেন, ‘স্কুলের শিক্ষকেরা আর কয় টাকা বেতন পান। তাই কত দিন নিজেদের পকেট থেকে টাকা দিয়ে চালানো যায়। তাই কেউ কেউ হেরে যেতে চায়।’ আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফিরোজ আলমও যাতায়াত ভাতা বরাদ্দ না থাকার বিষয়টি স্বীকার করে বলেন, ‘ছেলেরা উদ্দীপনা নিয়েই খেলতে আসে। বিভিন্ন যানবাহনে করে শিক্ষকেরা তাদের নিয়ে যান।’ জানতে চাইলে প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপপরিচালক শাহ সুফী মোহাম্মদ আলী রেজা বলেন, ‘স্কুলগুলোর জন্য কোনো যাতায়াত ভাতা নেই। তবে আমরা গত বছরের মিরসরাইয়ের ঘটনা থেকে শিক্ষা নিয়েছি। তাই প্রতিটি স্কুলকে কড়া নির্দেশ দেওয়া আছে, যাতে একজন শিক্ষক কিংবা শিক্ষা কর্মকর্তা তত্ত্বাবধান করে শিক্ষার্থীদের ভেন্যুতে নিয়ে যান।’