ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও সাত ভবনে চলছে কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়া পৌর এলাকায় বিপণিবিতান, ডাকঘর ও পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট সাতটি ভবনকে পৌরসভা মাস খানেক আগে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তা ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দিয়েছে। কিন্তু এখনো ভবনগুলোতে আগের মতোই চলছে ব্যবসা, দপ্তর, পাঠদানসহ সব কাজ। পৌরসভা গত ২৯ ও ৩০ এপ্রিল ওই নোটিশ দেয়।

সম্প্রতি শহরের বাজার এলাকার পৌর বিপণিবিতান ও বেড়া ডাকঘরে গিয়ে দেখা গেছে, বিপণিবিতানের তিনতলা ভবন ও ডাকঘরের দোতলা ভবনের অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে। বিপণিবিতানের প্রথম ও দ্বিতীয় তলায় ৪০টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং তৃতীয় তলায় পৌর গণগ্রন্থাগার ও সেমিনার কক্ষ। বিপণিবিতানের ব্যবসায়ীরা জানান, পাঁচ থেকে ছয় বছর ধরে ভবনটির দেয়াল ও ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিপণিবিতানের বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, এই ভবনে ব্যবসা করতে তাঁদের খুব ভয় হয়। কিন্তু দোকান বন্ধ করলে তাঁদের ভাত জুটবে না। এ ছাড়া পুনর্বাসনের ব্যবস্থা না করেই পৌর কর্তৃপক্ষ দোকান থেকে সরে যাওয়ার নোটিশ দিয়েছে। এসব কারণে তাঁরা এখানে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

পোস্টমাস্টার রমজান আলী বলেন, ‘অত্যন্ত ব্যস্ত এই ডাকঘরে প্রতিদিন এক হাজারের বেশি মানুষ আসা-যাওয়া করে। সব সময় আতঙ্কে থাকি। পৌর কর্তৃপক্ষ ভবনটি ব্যবহার না করার নোটিশ দিলেও বিকল্প ব্যবস্থা না থাকায় এখানেই আমরা কাজ করতে বাধ্য হচ্ছি।’

এ ছাড়া বেড়া ডিগ্রি কলেজ, বেড়া বিবি উচ্চবিদ্যালয়, বেড়া বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেড়া উচ্চবিদ্যালয় ও বেড়া বালিকা উচ্চবিদ্যালয়ের পাঁচটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলোও ব্যবহার না করার পরামর্শ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু কক্ষসংকট থাকায় ওই ভবনগুলোতে এখনো চলছে পাঠদান।

বেড়া কলেজের অধ্যক্ষ মো. জাফরউল্লাহ বলেন, ‘কলেজের পুরোনো দোতলা ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা সবাই আতঙ্কে আছি।’

বেড়া পৌরসভার সহকারী প্রকৌশলী ফিরোজুল আলম বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবনগুলো ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়েছে। আমরা আশা করছি, জেলা প্রশাসকের তত্ত্বাবধানে শিগগিরই বিশেষজ্ঞ প্রকৌশলীদের একটি কমিটি ভবনগুলো পরিদর্শন করবে। কমিটি কোনো ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা মাত্রই তা সিলগালা করে দেওয়া হবে।