ঝুঁকিপূর্ণ চিহ্নিত ১৩টি ভবন ভাঙা হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা পৌর এলাকার ঝুঁকিপূর্ণ ১৩টি ভবন ভেঙে ফেলতে তদন্ত কমিটির সুপারিশ দেড় বছরেও কার্যকর হয়নি। কবে নাগাদ ভাঙা হবে তাও নিশ্চিত নয়। ফলে ঝুঁকি জেনেও এসব ভবনে এখনো কার্যক্রম চালানো হচ্ছে।
গাইবান্ধা পৌরসভা কার্যালয় সূত্র জানায়, ২০১৩ সালের ৩০ এপ্রিল তৎকালীন জেলা প্রশাসক আনোয়ারুল হক পৌর এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। এতে গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহাকে আহ্বায়ক এবং এলজিইডির সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, শিক্ষা প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী জাহিদুল বারী, পৌরসভার সহকারী প্রকৌশলী মেহেদুল ইসলাম ও জেলা প্রশাসনের তৎকালীন নেজারত ডেপুটি কালেক্টরেট জাহিদ নেওয়াজকে সদস্য করা হয়।
কমিটি পৌর এলাকায় মোট ১৩টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ওই বছরের ৯ মে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে গাইবান্ধা সিদ্দিকিয়া দ্বিমুখী সিনিয়র মাদ্রাসা, সরকারি উচ্চবিদ্যালয় ছাত্রাবাস, সরকারি উচ্চবিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের তিনটি আবাসিক ভবন, সরকারি শিশু পরিবার (বালক) ছাত্রাবাস, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসভবন, টেলিগ্রাফ কার্যালয়, বিপণিবিতান রেজিয়া ম্যানশন, পূর্বপাড়ার লাল মিয়ার গুদামঘর, আবদুল গফুর মার্কেটসহ ১১টি ভবন সম্পূর্ণ এবং আহম্মদ উদ্দিন শাহ শিশুনিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভবন ও আসাদুজ্জামান গার্লস হাইস্কুল ভবনের অংশবিশেষ ভেঙে ফেলার সুপারিশ করা হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, আহম্মদ উদ্দিন কলেজ ভবন তিনতলা পর্যন্ত করার অনুমোদন রয়েছে। কিন্তু তিনতলা ভিতের ওপর চারতলা নির্মাণ করা হয়েছে। এ ছাড়া অনুমোদন না নিয়েই শহরের স্টেশন রোডে রেজিয়া ম্যানশন নির্মিত হয়েছে। এসব চিহ্নিত ভবন দ্রুত ভেঙে সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এদিকে জেলা প্রশাসক একই বছরের ৫ জুন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌর মেয়রকে অনুরোধ করেন। পৌর মেয়র সাত দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবন এবং ভবনের অংশবিশেষ ভেঙে ফেলার জন্য গত বছরের ১২ আগস্ট ভবন মালিকদের নির্দেশ দেন। ভবন মালিকেরা নির্দেশ না মানায় চলতি বছরের ৭ জুলাই দ্বিতীয় দফা চিঠি দেওয়া হয়। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত কোনো ভবন ভাঙা হয়নি। অথচ প্রতিবেদন দাখিলের এক বছর পাঁচ মাস ২২ দিন পেরিয়ে গেছে।
গাইবান্ধা নাগরিক আন্দোলনের আহ্বায়ক মির্জা হাসান জানান, ভোট হারানোর ভয়ে পৌর মেয়র ভবনগুলো ভাঙতে কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
অভিযোগ অস্বীকার করে পৌর মেয়র শামছুল আলম জানান, দুই দফায় চিঠি দেওয়া হয়েছে। তৃতীয় দফায় চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে। ভেঙে না ফেললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা হচ্ছে না কেন, জানতে চাইলে সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বানু বলেন, ‘ভবনটি ভাঙার দায়িত্ব আমার নয়। এটি ভেঙে নতুন ভবন নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবেদন করা হয়েছে।’ একই ধরনের কথা বলেন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।