জামালপুর-মাদারগঞ্জ সড়কের ৩৪ কিলোমিটার পথ পাড়ি দিতে ছয়টি বেইলি সেতু পার হতে হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সেতুগুলো। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ইতিমধ্যেই এসব সেতুর ওপর দিয়ে পাঁচ টনের বেশি মালামাল নিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সওজ।
জামালপুর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্রে জানা যায়, জামালপুর সদর থেকে মাদারগঞ্জ উপজেলায় ৩৪ কিলোমিটার সড়কের যাতায়াত সহজের জন্য ঝারকাটা নদীর ওপরে ২০০০ সালে জামালপুর সদরের রশিদপুর; মেলান্দহ উপজেলার ভাবকী বাজার ও দাঁতভাঙা; মাদারগঞ্জ উপজেলার জটিয়ারপাড়া, ভেলামারী ও জোনাইল এলাকায় ছোট-বড় ছয়টি বেইলি সেতু নির্মাণ করা হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেতুগুলোর বিভিন্ন স্থানের ইস্পাতের পাটাতন ভেঙে গেছে। আবার কয়েকটি স্থানে ছোট ছোট ইস্পাতের টুকরা দিয়ে জোড়াতালি দেওয়া হয়েছে। সেতুর পাটাতনগুলো দেবে গেছে। যেকোনো যানবাহন চলাচলের সময় সেগুলো নড়তে থাকে।
দাঁতভাঙা এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রতিদিন প্রায় পাঁচ হাজার ছোট-বড় যানবাহন সেতুগুলো দিয়ে চলাচল করে। পাঁচ টনের বেশি যানবাহন চলাচলে নিষেধ করা হলেও ১০ থেকে ১৫ টনের বেশি মালামাল নিয়ে ট্রাকসহ ভারী যানবাহন চলাচল করছে। ২০১৩ সালের নভেম্বরে লবণবোঝাই একটি ট্রাক মাদারগঞ্জে যাওয়ার সময় দাঁতভাঙা সেতু ভেঙে নদীতে পড়ে যায়। এতে গাড়ির চালক ও তাঁর সহকারী গুরুতর আহত হন এবং ট্রাকে থাকা দুই যাত্রী দুর্ঘটনায় আহত হয়ে পরবর্তী সময়ে শারীরিক প্রতিবন্ধী হয়ে যান। এ ছাড়া ২০০৯ সালে শেষের দিকে সেতুর একাংশ ভেঙে আরও একটি দুর্ঘটনা ঘটে।
মাদারগঞ্জের বালিজুড়ি বাজার এলাকার অটোরিকশাচালক আবদুল হক বলেন, গাড়ি নিয়ে সেতুর ওপরে উঠলে প্রচণ্ড শব্দ হয় ও সেতু দুলতে থাকে। দাঁতভাঙা এলাকার ময়েজ উদ্দিন বলেন, দাঁতভাঙা সেতুটি বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভারী যানবাহন চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
জামালপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, যেসব স্থানের পাটাতন উঠে গেছে ও নাট-বল্টু অকেজো হয়ে গেছে, সেগুলো মেরামত করা হবে। ইতিমধ্যে ছোট দুটি বেইলি সেতুর পরিবর্তে নতুন পাকা সেতু নির্মাণে ১৫ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। বাকি সেতুগুলো বড় হওয়ায় প্রকৌশলী দিয়ে প্রকল্প তৈরি করা হয়েছে। সেগুলো নির্মাণ প্রক্রিয়াধীন।