ঝুঁকিপূর্ণ ছয়টি সেতু, দুর্ঘটনার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল পৌরসভার বাংলাবাজার-পাবলিক মাঠ সেতুর কংক্রিটের পাটাতন ভেঙে গেছে। সেখানে বিছিয়ে দেওয়া হয়েছে কাঠ। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
পটুয়াখালীর বাউফল পৌরসভার বাংলাবাজার-পাবলিক মাঠ সেতুর কংক্রিটের পাটাতন ভেঙে গেছে। সেখানে বিছিয়ে দেওয়া হয়েছে কাঠ। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

পটুয়াখালীর বাউফল পৌরসভায় ছয়টি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এগুলোর কোনোটির লোহার খুঁটি বেঁকে গেছে। আবার কোনোটির রেলিং ভেঙে পড়েছে। এসব সেতুর ওপর দিয়ে প্রতিদিন আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীসহ এলাকাবাসী যাতায়াত করছে। চলছে অসংখ্য যানবাহন। ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।
সেতু ছয়টি হলো কালাইয়া-বাউফল খালের ওপর উপজেলা পরিষদের পেছনে সাবেক সাংসদ শহিদুল আলমের বাসভবনের সামনের সেতু, বাংলাবাজার-পাবলিক মাঠ সেতু, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজের সামনে মহিলা কলেজ সেতু, বাউফল সরকারি কলেজের সামনের স্লাব সেতু, বাউল-নউমোলা খালের ওপর পৌরসভা বাজার সেতু ও বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের লোহার সেতু।
উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, শহিদুল আলমের বাসভবনের সামনের সেতুটি ২০০৩ সালে, মহিলা কলেজ সেতুটি ২০০৫ সালে, বাংলাবাজার-পাবলিক মাঠ সেতুটি ১৯৯৬ সালে ও বাজার সেতুটি ১৯৯২ সালে নির্মাণ করা হয়। এ ছাড়া বাউফল সরকারি কলেজের সামনের সেতুটি ১৯৯৮ সালে ও বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সেতুটি ২০০২ সালে নির্মিত হয়।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, শহিদুল আলমের বাসভবনের সামনের সেতুটির উত্তর পাশ দেবে গেছে। সেতুর নিচের অংশে লোহার খুঁটি ও বিম ভেঙে রয়েছে। মহিলা কলেজ সেতুটির অবস্থা আরও নাজুক। এটির উত্তর পাশ প্রায় দুই ফুট দেবে গেছে। সেতুটির নিচের অংশের লোহার বিম ও খাম্বা বেঁকে রয়েছে। বাংলাবাজার-পাবলিক মাঠ সেতুটির স্লাবের ঢালাই খসে পড়ে রড বেরিয়ে গেছে। সেখানে কাঠের তক্তা বিছিয়ে দেওয়া হয়েছে। বাজার সেতুটির রেলিং ভেঙে গেছে। খুঁটি ও বিম বাঁকা হয়ে গেছে।
বাউফল সরকারি কলেজের সামনের সেতুটি পশ্চিম দিকে হেলে পড়েছে। দুই পাশের সংযোগ সড়ক দেবে গেছে। বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কাছের সেতুটির পাটাতনের ঢালাই খসে পড়ে রড বেরিয়ে গেছে।
বাংলাবাজার এলাকার ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, দুই বছর আগে বাংলাবাজার-পাবলিক মাঠের সেতু থেকে একটি শিশু পড়ে নিহত হয়। এই সেতুর ওপর দিয়ে ভারী কোনো যানবাহন চলাচল করতে পারে না। ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো মানুষ এর ওপর দিয়ে যাতায়াত করে।
পৌরসভার সহকারী প্রকৌশলী মু. আতিকুল ইসলাম বলেন, ‘সেতু ছয়টি ঝুঁকিপূর্ণ। এগুলো এলজিইডি নির্মাণ করেছে। সংস্থাটির কাছে অনাপত্তি চাওয়া হয়েছে। অনাপত্তি পাওয়ার পর পৌরসভা কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এসব স্থানে সেতু নির্মাণ কিংবা সংস্কার করবে।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, ‘পৌরসভার অনাপত্তি চাওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে জরুরি ভিত্তিতে ওই সব সেতু নির্মাণ কিংবা মেরামত করা প্রয়োজন। এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে।’
বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক বলেন, খুব শিগগির প্রকৌশলীরা এসব সেতুর ঝুঁকির মাত্রা নিরূপণ করবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।