
বর্ষা মৌসুম যত এগিয়ে আসছে, পুরান ঢাকার নবাবপুর রোডের দীপা মার্কেট নিয়ে আতঙ্ক ততই বাড়ছে। ভবনের বিভিন্ন দেয়ালে ফাটল দিন দিন বড় হচ্ছে। অনেক স্থান থেকে পলেস্তারা খুলে পড়ছে। তার পরও ক্ষতির কথা চিন্তা করে ভবনটি ভাঙতে দিতে রাজি হচ্ছেন না ব্যবসায়ীরা। ২০১১ সালে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) থেকে ভবনটি সরেজমিন পরিদর্শন শেষে শত বছরের পুরোনো কাঠামোর ওপর নির্মিত তিনতলা এই ভবনকে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। দুই দফা চিঠি দেওয়ার পরও ভবনমালিক কোনো ব্যবস্থা নেননি। সরেজমিনে দেখা গেছে, ভবনের অনেক জায়গার ফাটল বড় হচ্ছে। অনেক স্থান দিয়ে পানি ঢুকে দেয়াল স্যাঁতসেঁতে হয়ে গেছে। ভবনটির তৃতীয় তলায় আল ফালাহ নামের একটি হোটেল স্থাপন করা হয়েছে। বৃষ্টি হলেই হোটেলের ছাদ দিয়ে পানি পড়ে। মার্কেটের নিচতলায় বাটার একটি শাখা খোলা হয়েছে। সেখানেও তিনতলার ছাদ চুইয়ে পানি পড়ে।ডিসিসি দক্ষিণের প্রধান প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, দীপা মার্কেট ভবন আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ভাঙা শুরু হবে। নিয়ম অনুযায়ী ভাঙার খরচ ভবনমালিককেই বহন করতে হবে।
ডিসিসি সূত্রে জানা গেছে, ৬০ বছর আগের পুরোনো একতলা কাঠামোর ওপর ১৯৭২ সালে আরও দুটি তলা নির্মাণ করা হয়। নির্মাণসামগ্রীও ছিল একেক স্থানে একেক রকম। কোথাও রড ব্যবহার করা হয়েছে, কোথাও শুধু ইট, বালু ও সিমেন্ট দিয়ে নির্মাণকাজ সারা হয়েছে। এটি যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে ডিসিসি উল্লেখ করেছে।
ভবনমালিক গোলাম আকতার ইকবাল জানান, সরকারি নির্দেশে ভবনটি ভেঙে ফেলার উদ্যোগ নিয়ে তাঁরা দোকানমালিকদের চিঠিও দিয়েছেন। কিন্তু তাঁরা ব্যবসায়িক ক্ষতির কথা চিন্তা করে দোকান ছাড়তে রাজি হচ্ছেন না। এ কারণে এটি ভাঙা যাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন দোকানদার জানান, এটি ভেঙে আবার নতুন ভবন করতে কমপক্ষে দেড় থেকে দুই বছর সময় লাগবে। এ সময় কোথায় ব্যবসা পরিচালনা করবেন, এ কথা চিন্তা করে তাঁরা ভবনটি ভাঙতে দিতে রাজি হচ্ছেন না।
উল্লেখ্য, ভবনটির প্রথম ও দ্বিতীয় তলা মিলিয়ে মোট ২৭টি দোকান রয়েছে। রাজধানীর প্রথম দিককার গানের ক্যাসেট বিক্রির স্থান হিসেবে এই ভবন পরিচিতি পায়।