ঝুঁকিপূর্ণ টিনের ঘরে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার খামারবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে ঝুঁকিপূর্ণ এই ভবনের লাগোয়া টিনের ঘরের মাটিতে বসে শিক্ষার্থীরা ক্লাস করে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার খামারবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে ঝুঁকিপূর্ণ এই ভবনের লাগোয়া টিনের ঘরের মাটিতে বসে শিক্ষার্থীরা ক্লাস করে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

দেড় বছর আগে পরিত্যক্ত হওয়া ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার খামারবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি আজও সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়নি।
গত ৪ ডিসেম্বর সরেজমিনে দেখা যায়, অসমাপ্ত টিনের চালের নিচে ঝুঁকি নিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান। বিদ্যালয় ভবন সংস্কার না হওয়ায় অভিভাবকদের চাঁদার টাকায় এটি নির্মাণ করা হচ্ছিল।
কিন্তু টাকার অভাবে তা সম্পন্ন হয়নি। শিক্ষকেরা জানান, বিদ্যালয়ে ৩০১ জন শিক্ষার্থী থাকলেও বেঞ্চ আছে ২৩ জোড়া। তাই ছেলেমেয়েরা মাটিতে চট বিছিয়ে পড়ছে। একই কক্ষে গাদাগাদি করে একাধিক শ্রেণির পাঠদান চলছে। শিক্ষক ও অভিভাবকেরা বলেন, টিনের চালের কাজ মজবুত না হওয়ায় সেটিও শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর থেকে জানা যায়, ১৬ বছর আগে খামারবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়। তিন-চার বছর ধরে ভবনের ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশে ফাটল ধরে। ২০১৩ সালের এপ্রিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে।
এর পর থেকে খোলা আকাশের নিচে, আবার কখনো পাশের খামারবাসা উচ্চবিদ্যালয়ের কক্ষে চলে আসছিল পাঠদান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাহার আলী বলেন, তিনি বিদ্যালয়টি সংস্কারের চেষ্টা করছেন। কিন্তু বাকিটুকু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার।