ঝুঁকিপূর্ণ তিন সেতু দিয়ে চলাচল ১২ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন সন্ধ্যার পরই যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেতুর দুই পাড়ে যাত্রী ও পণ্যবাহী গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। দীর্ঘ সময় সেতু সংস্কারের পর গাড়ি চলাচল শুরু করে। প্রতিদিনের এই চিত্র শরীয়তপুর-মাদারীপুর সড়কের। এই সড়কে তিনটি বেইলি সেতু ১২ বছর ধরে ঝুঁকিপূর্ণ। তিন বছর ধরে সেতু তিনটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়েই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যাতায়াতের একমাত্র এই সড়ক দিয়ে যানবাহন চলছে। যেকোনো সময় সেতু ভেঙে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। শরীয়তপুর সওজ সূত্র জানায়, শরীয়তপুর-মাদারীপুর ১৮ কিলোমিটার সড়কে তিনটি বেইলি সেতু নির্মাণ করা হয়েছে ১৯৯৪ সালে। কীর্তিনাশা নদীর আংগারিয়ায় ১৫০ মিটার, খোয়াজপুর ১১০ মিটার ও টুমচর এলাকায় ৩০ মিটার বেইলি সেতু নির্মাণে তখন ব্যয় করা হয় দুই কোটি টাকা। স্থানীয় সওজ বিভাগ ২০০০ সালে সেতু তিনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এর পর থেকে মাঝেমধ্যে সড়ক বিভাগ সেতু সংস্কার করে যান চলাচল স্বাভাবিক রেখেছে। পাঁচ বছরে ১০ বার সেতু ভেঙে পণ্যবাহী গাড়ি নদীতে পড়ে গেছে। তখন যান চলাচল বন্ধ থাকে।তিন বছর ধরে সেতু তিনটি যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন সন্ধ্যার পর সড়ক বিভাগ যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে ভাঙা সেতু সংস্কার করে। এতে প্রতি মাসে সড়ক বিভাগ ৯০ হাজার থেকে এক লাখ টাকা ব্যয় করছে। সেতু সংস্কারের জন্য সদর উপজেলার মনোহর বাজারে একটি ওয়ার্কশপ ভাড়া নিয়েছে সড়ক বিভাগ। এ কাজ করার জন্য নয়জন শ্রমিক অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। প্রতিদিন প্লেট পরিবর্তন, ঝালাই, নাট-বল্টু খোলা ও ফিটিংয়ের কাজ করে সেতু তিনটি সচল রাখা হচ্ছে। সওজের উপবিভাগীয় প্রকৌশলী মোমজেদ হোসেন বলেন, সেতু তিনটি খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকি। সওজ সূত্র জানায়, মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের সঙ্গে এই সেতু তিনটি বাংলাদেশ-চীন মৈত্রী সেতু হবে। গত জানুয়ারি মাসে এ বিষয়ে চুক্তি হয়েছে। ২০০ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে সেতুগুলোর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে। ঢাকা-চট্টগ্রাম সড়কের মেঘনা ও গোমতী সেতুতে পণ্যবাহী গাড়ির ওজন মাপার যন্ত্র স্থাপন করার পর থেকে অতিরিক্ত পণ্য বোঝাই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যাতায়াতকারী গাড়ি এই সড়ক দিয়ে চলাচল করছে। এর ফলে এ সেতুগুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। শরীয়তপুর-বরিশাল সড়কে চলাচলকারী পিকআপ ভ্যানের চালক জয়নাল আবেদিন বলেন, ‘আমার গাড়িতে কাঁচামাল পরিবহন করি। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সেতুর সংস্কারের কাজ চলে। এ সময় অপেক্ষা করতে হয়।’ মাদারীপুর-শরীয়তপুর সড়কের বাসযাত্রী দেলোয়ার, আবদুল খালেক ও ইয়াছিন মিয়া বলেন, ‘সেতু তিনটি খুবই ঝুঁকিপূর্ণ। গাড়ি সেতুতে উঠলে আমরা আতঙ্কে থাকি।’ ট্রাকচালক নওশের আলী বলেন, ‘প্রতিদিন আতঙ্ক নিয়ে গাড়ি চালানো যায় না।’শরীয়তপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম বলেন, ‘সেতু তিনটির যে অবস্থা তাতে হালকা যানবাহন চলাচলই ঝুঁকিপূর্ণ। তার ওপর অতিরিক্ত পণ্যবোঝাই গাড়ি চলাচল করছে এ সড়ক দিয়ে। আমরা নিষেধ করার পরও কেউ শুনছে না। বিষয়টি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আলোচনা করে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।’