ঝুঁকিপূর্ণ দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত ৬০ কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে বড় খানাখন্দ। পার্শ্ব রাস্তা ধসে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যানজটসহ প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
এলাকাবাসী ও ভুক্তভোগীদের অভিযোগ, সড়ক নির্মাণ ও সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও দায়সারা কাজের কারণে এই বেহাল দশা হয়েছে।
গত এক সপ্তাহ জুড়ে সরেজমিনে দেখা গেছে, বিরামপুর পৌর শহরের টাটাকপুর, ধানহাটির মোড়, পল্লবীর মোড়, নবাবগঞ্জের চড়ারহাট, ভাদুরিয়া বাজার ও গোবিন্দগঞ্জের কাটাতে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

গতকাল দুপুর ১২টায় ভাদুরিয়ায় গিয়ে দেখা যায়, সড়ক ও জনপদ বিভাগের শ্রমিকেরা ট্রাকে করে ভাঙা ইট ও বালু দিয়ে দায়সারাভাবে সড়কের গর্ত ভর্তি করছেন। সেখানে উপস্থিত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আমিনুল ইসলাম বলেন, দপ্তর থেকে যেভাবে বরাদ্দ দেওয়া হয়েছে তিনি সেভাবেই কাজ করছেন। বরাদ্দ বেশি আসলে ভালোভাবে কাজ করা হবে।
ভাদুরিয়া বাজারের ব্যবসায়ী এনামুল হক বলেন, এক বছর আগে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে বড় একটি গর্তের সৃষ্টি হয়। তখন সড়ক ও জনপদ বিভাগের লোকজন দায়সারা ভাবে গর্তটি সংস্কার করে যায়। দিন দিন গর্তটি বড় হতে থাকে। গত তিন মাস থেকে প্রায় প্রতিদিন আট থেকে দশটি যানবাহন সেখানে আটকে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকছে। আজ শুক্রবার ভোরেও তিনটি ট্রাক এক সঙ্গে আটকে গিয়ে দুপুর ৩টা যানচলাচল বন্ধ থাকে।

দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে চলাচলকারী শাহ ইউনুস বাসের চালক ওমর ফারুক বলেন, এটি মহাসড়ক হলেও সরু রাস্তা। সামান্য বৃষ্টিতে চোরা গর্তের সৃষ্টি হয়। বর্তমানের এ সড়কটি চালকদের জন্য আতঙ্ক।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন বিরামপুর শাখার সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান জানান, দিনাজপুর থেকে ঢাকা চলাচলকারী যাত্রীবাহী বাস এই সড়ক ব্যবহার করে। এ ছাড়া অনেক ট্রাক চলে। নিম্নমানের সংস্কারের কারণে এই বেহাল দশার সৃষ্টি হয়েছে।
দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফিরোজ শাহ জানান, বিষয়টি বহুবার সড়ক ও জনপদ বিভাগকে জানানো হয়েছে। শনিবার তাঁরা নির্বাহী প্রকৌশলীর সঙ্গে বসবেন।
সড়ক ও জনপদ বিভাগের দিনাজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সুরুজ মিয়া মুঠোফোনে প্রথম আলোকে জানান, বর্ষার আগে কোনো টেন্ডার দেওয়া সম্ভব নয়। বর্ষার পর টেন্ডারের মাধ্যমে নতুন করে সড়ক নির্মাণের কাজ করা হবে।