ঝুঁকিপূর্ণ দুই সেতুতে ৫৬ গ্রামের বাসিন্দার চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খারুভাজ নদী ও আলমপুর ইউনিয়নের ডাংগীর দোলা খালের ওপরকার সেতু দুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত বছরের বন্যায় উইংওয়াল (সেতুর প্রবেশপথ রক্ষায় সংযোগ সড়কের সঙ্গে লাগোয়া দেয়াল) ভেঙে ও গোড়ার ইট খসে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
মেরামতের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেও লাভ হয়নি। ফলে ঝুঁকি নিয়েই এগুলোর ওপর দিয়ে চলাচল করছেন দুই ইউনিয়নের ৫৬ গ্রামের বাসিন্দারা।
স্থানীয় লোকজন জানান, হাড়িয়ারকুঠি ইউনিয়নের সঙ্গে রংপুর শহরের যোগাযোগ সহজ করতে ১৯৯৩ সালে খারুভাজ নদীর ওপর নেকিরহাট সেতুটি নির্মাণ করা হয়। প্রায় ৫২ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করে সৈয়দপুরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিন্তু ২০১৩ সালের বন্যায় এটির উইংওয়াল ভেঙে দেবে যায়। পিলারগুলোতে ফাটল ধরে, খসে পড়ে গোড়ার ইট।
খারুভাজ গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আনিছার রহমানও বলেন, সেতুটির ওপর কোনো ভারি যানবাহন উঠলে নড়াচড়া করে। তিনি আরও জানান, এ সেতু দিয়ে মাত্র ১৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রংপুর শহরে যাতায়াত করতে পারেন ইউনিয়নে ৩২ গ্রামের মানুষ। কিন্তু সেতুটি ভেঙে পড়লে তাঁদের প্রায় ৩৪ কিলোমিটার পথ ঘুরে শহরে যেতে হবে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, সেতুটি সংস্কারের জন্য সাত মাস আগে সৈয়দপুর পাউবো ও উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করেছেন। কিন্তু লাভ হয়নি।
আলমপুর ইউনিয়নের দোয়ালীপাড়া-তকেয়া সড়কের ডাংগীর দোলা খালের ওপর ২০ বছর আগে ১২ লাখ টাকায় নির্মিত সেতুটির দুই পাশের উইংওয়ালসহ গোড়ার ইট-সিমেন্ট খসে পড়েছে।
এই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, সেতুটি সংস্কারে উপজেলা প্রকৌশলীর কাছে আবেদন করা হলে তিনি পাঁচ মাস আগে সরেজমিনে দেখে গেছেন। কিন্তু এরপর আর কোনো কাজ হয়নি। ঝুঁকি নিয়ে এ সেতুর ওপর দিয়ে তারাগঞ্জ সদর ও রংপুর শহরে যাতায়াত করছেন ইউনিয়নের ২২ গ্রামের ২০ হাজার মানুষ। যেকোনো সময় সেতুটি ধসে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।
উপজেলা প্রকৌশলী জাহিদ হোসেন বলেন, ডাংগীর দোলা খালের ওপরকার সেতুটির কথা জানা আছে। বরাদ্দ এলেই এটি সংস্কার করা হবে।
তবে নেকিরহাট সেতুটির দায়িত্ব সৈয়দপুর পাউবোর বলে জানান তিনি।
সৈয়দপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী শহিদার রহমান মুঠোফোনে বলেন, ‘খোঁজ নিয়ে নেকিরহাট সেতুটি সংস্কারের উদ্যোগ নেব।’