ঝুঁকিপূর্ণ পেশা ছেড়ে আলোর পথের যাত্রী
মৌসুমী মণ্ডল, রুকাইয়া আফরীন ও রাসেল হাওলাদারের জন্ম দরিদ্র পরিবারে। সংসারে অভাব থাকায় ছোটবেলাই থেকে তারা সবাই বিড়ি তৈরির কাজ শুরু করে। কাজের পাশাপাশি লেখাপড়াও করত। কিন্তু টাকার অভাবে একপর্যায়ে লেখাপড়া বন্ধ হয়ে যায়। ওদের সহায়তায় এগিয়ে আসে একটি সামাজিক সংগঠন। সংগঠনটির মধ্যস্থতায় কিছু ব্যক্তি ওদের লেখাপড়া চালিয়ে যেতে আর্থিক সহায়তা দিয়েছে। শিশু অধিকার রক্ষা কমিটির নামের এ সংগঠনটি মৌসুমী, রুকাইয়া আফরীন ও রাসেল হাওলাদারের মতো আরও ৭৪ শিক্ষার্থীকে ঝুঁকিপূর্ণ পেশা থেকে শিক্ষাজীবনে ফিরিয়ে আনতে সহায়তা করেছে।বরিশাল নগরের নাজির মহল্লা এলাকায় মা-বাবার সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করে মৌসুমী মণ্ডল। বাবা রতন মণ্ডল এবং মা ইতি রানী মণ্ডল দুজন বিড়ি তৈরির কারখানার শ্রমিক। অভাবের কারণে মৌসুমীও বিড়িশ্রমিক হিসেবে কাজ করত। এভাবে কাজ করে মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করে সে। টাকা না থাকায় ২০০৯ সালে উচ্চমাধ্যমিকে ভর্তি হতে পারছিল না। বিষয়টি জানতে পেরে শিশু অধিকার রক্ষা কমিটি মৌসুমীর দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয়। সংগঠনটির মাধ্যমে এক ব্যক্তি মৌসুমীকে লেখাপড়া করানোর দায়িত্ব নেয়। সেই ব্যক্তির টাকায় সে অমৃত লাল দে মহাবিদ্যালয়ে ভর্তি হয়। মৌসুমী এইচএসসি পরীক্ষা দিয়েছে। মৌসুমী বলে, ‘মা-বাবা দুজনই বিড়িশ্রমিক। তাঁদের পক্ষে আমার লেখাপড়ার করার খরচ চালানো অসম্ভব ছিল। আর্থিক সহায়তা না পেলে আমি লেখাপড়া করতে পারতাম না।’কাশীপুর এলাকার চহুতপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রুকাইয়া আফরীন। রুকাইয়ার পরিবারে সদস্যসংখ্যা সাত। বাবা দুলাল হাওলাদার এবং মা রুনু বেগম ফিশারী রোড এলাকায় বিড়ির কারখানায় কাজ করেন। অভাবের সংসারে পড়াশোনার খরচ চালানোর জন্য রুকাইয়াও মা-বাবার সঙ্গে কারখানায় কাজ শুরু করে। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর অর্থাভাবে বন্ধ হয়ে যায় রুকাইয়ার লেখাপড়া। এ ঘটনা ২০০৯ সালের। বিষয়টি জানতে পেরে রুকাইয়ার পাশে দাঁড়ায় শিশু অধিকার রক্ষা কমিটি।রাসেল হাওলাদার অমৃত লাল দে মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। তার বাবা জামাল হাওলাদার রিকশাচালক ও মা নাজমা বেগম বিড়িশ্রমিক। বিড়িশ্রমিক হিসেবে কাজ করত রাসেল। ২০০৯ সালে দশম শ্রেণীতে থাকা অবস্থায় লেখাপড়া বন্ধ হয়ে যায় তার। এ সময় শিশু অধিকার রক্ষা কমিটি তার দিকে সহায়তার হাত বাড়ায়। ২০১০ সালে সৈয়দ মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করে সে।শিশু অধিকার রক্ষা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দে বলেন, শিশু অধিকার রক্ষা কমিটির নামে চললেও মূলত ৭৪ জন শিশুর শিক্ষার দায়িত্ব নিয়েছে ৭৪ জন ব্যক্তি। তাঁদের কাছ থেকে অর্থ নিয়ে ওই শিশুর কাছে পৌঁছে দেয় শিশু অধিকার রক্ষা কমিটি। শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার। মায়ের সঙ্গে বিড়িশ্রমিক হিসেবে কাজ করত। বাবা মারা যাওয়ার পর তার পড়ালেখা বন্ধ হয়ে যায়। শিশু অধিকার রক্ষা কমিটির আহ্বানে তার দায়িত্ব নেন হাসিনা বেগম। হাসিনা বেগম বলেন, ‘ফারজানাই আমার মেয়ে। ও যত দিন পড়বে আমি তত দিন ওর পাশে থেকে মায়ের স্নেহে সহযোগিতা করে যাব।’রাসেল হাওলাদারকে সহায়তা করেছেন চিকিৎসক মিজানুর রহমান। তিনি বলেন, ‘এটি একটি মহৎ উদ্যোগ। এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত।’