ঝুঁকিপূর্ণ পোশাক কারখানা ভবন চিহ্নিতকরণ শুরু
ঝুঁকিপূর্ণ পোশাক কারখানা ভবন চিহ্নিত করার কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। এর অংশ হিসেবে গতকাল শনিবার নগরের কোতোয়ালি এলাকার পাঁচটি পোশাক কারখানা ভবন পরিদর্শন করে যৌথ দলটি।
কারখানাগুলো হচ্ছে, বনলতা গ্রুপের তিনটি কারখানা এবং প্রিমিয়ার অ্যাপারেলস ও এশিয়ান ফ্যাশন। আট সদস্যের এই দলটি ইমারত নির্মাণ আইন মেনে নকশা অনুযায়ী ভবন নির্মিত হয়েছে কি না, ভবনের কোথাও কোনো ভাঙা আছে কি না এবং ভবনটির বর্তমান অবস্থাসহ বিভিন্ন বিষয় দেখবে।
এভাবে আগামী এক মাসে দলটি ৫৫০টি পোশাক কারখানা ভবন পরিদর্শন করবে বলে জানা গেছে। ভবন পরিদর্শনের সময় সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আমিন বলেন, ‘আমরা পাঁচ শতাধিক ভবন পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করব। যদি ভবনে কোনো ত্রুটি পাই, যা ঝুঁকি তৈরি করবে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ আট সদস্যের দলে সিডিএর ভারপ্রাপ্ত প্রধান নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন আহমেদ, বিজিএমইএর যুগ্ম সচিব মো. মঈনুদ্দিন প্রমুখ রয়েছেন।