ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনের ঝুঁকিমুক্ত প্রতিবেদন!
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নির্মাণ শেষে পরিত্যক্ত ঘোষিত পাগলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ঝঁুকিপূর্ণ নয় উল্লেখ করে প্রতিবেদন দিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এজিইডি) তৎপর হয়ে উঠেছে বলে জানা গেছে। এ জন্য তারা একটি গোপন তদন্ত কমিটিও গঠন করেছে বলে শিক্ষা বিভাগ অভিযোগ করেছে।
দুই মাস আগেও শিক্ষা বিভাগ এবং প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত একটি তদন্ত কমিটি ওই বিদ্যালয় ভবনটি ব্যবহার অনুপযোগী ও ঝঁুকিপূর্ণ বলে প্রতিবেদন দিয়েছে। ওই প্রতিবেদনে ভবনটি নির্মাণে দায়ী এলজিইডি প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও সুপারিশ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলেছেন, বাস্তবে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনটি এলজিইডির গোপন তদন্তের কাগজে ঝঁুকিমুক্ত করলে শিক্ষা বিভাগ থেকে তা গ্রহণযোগ্য হবে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রথম তদন্ত কমিটির সদস্যসচিব সালাহ্ উদ্দিন বলেছেন ২০১০ সালে নির্মাণ শেষেই পাগলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি ছাদ ও দেয়ালে মারাত্মক ফাটল ধরে। উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ ২০১১ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে।
এলজিইডির রোয়াংছড়ি প্রকৌশলী মনমোহন দাশ বলেন, আগের যৌথ তদন্ত কমিটির তদন্তের সময়ও তাঁরা (এলজিইডি প্রকৌশলীরা) ভবনটি ঝঁুকিপূর্ণ নয় বলেছিলেন। এ জন্য আরও অধিকতর তদন্ত করতে চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর থেকে দুই সদস্যের আরেকটি কমিটি করা হয়। তিনি ওই কমিটির সদস্য উল্লেখ করে বলেন, তদন্তে তাঁরা দেখেছেন ভবনের ভিত্তির একাংশের মাটি দেবে যাওয়ায় ফাটল ধরলেও তা ঝুঁকিপূর্ণ নয়। মেরামত করলে সেটি ব্যবহার উপযোগী হবে।
জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল্লাহ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালাহ্ উদ্দিন বলেন, যৌথ তদন্ত কমিটির প্রকৌশলীদের পরীক্ষার পর ঝঁুকিপূর্ণ হিসেবে প্রতিবেদন দেওয়া হয়েছে। এলজিইডির একক ও গোপন তদন্তে সেটি ঝঁুকিমুক্ত বললে তা গ্রহণযোগ্য হবে না।