ঝুঁকিপূর্ণ বাঁকে প্রায়ই ঘটছে দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঝুঁকিপূর্ণ বাঁকে যান চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। গত এক বছরে এই মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাগবাড়ি থেকে নরসিংদীর মাধবদী পর্যন্ত এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে প্রায় অর্ধশত। ঝুঁকিপূর্ণ এই বাঁকগুলোতে প্রাণহানি হলেও এগুলো সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর ও পুলিশ জানায়, এই মহাসড়ক দিয়ে ১৮টি জেলার বিভিন্ন রুটে প্রতিদিন হাজার হাজার যান চলাচল করে। এই সড়কটিতে বাগবাড়ি থেকে মাধবদী পর্যন্ত বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। যানবাহনগুলো এই এসব বাঁক অতিক্রমকালে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে; বিশেষ করে ঝুঁকিপূর্ণ এই বাঁকে এসে বিপরীত দিক থেকে আসা অপর গাড়িকে অতিক্রমকালে যানবাহনগুলো মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ছে। আবার অনেক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। আড়াইহাজারের পাঁচরুখী এলাকার বাসিন্দা শফিউদ্দিন জানান, দিনের পর দিন এই সড়কে দুর্ঘটনা ঘটলেও সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান জানান, গত এক বছরে ওই বাঁকগুলোতে দুর্ঘটনায় ২৫-৩০ নিহত হয়েছেন। পঙ্গু হয়েছেন প্রায় অর্ধশত। এই বাঁকগুলো সংস্কার করা হলে দুর্ঘটনা অনেক কমে আসবে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি জানান, বাঁকগুলো চিহ্নিত করে রোড ডিভাইডার দেওয়া হলে দুর্ঘটনা অনেক কমে যাবে। তবে এ ক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে। এ ব্যাপারে সওজ অধিদপ্তরের নারায়ণগঞ্জের বিভাগীয় প্রকৌশলী তুষারকান্তি সাহা জানান, ওই মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলোর বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। সম্প্রতি আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘চলার পথে আমরা সচেতন হব। নিরাপদে ঘরে ফিরব’ স্লোগান সামনে রেখে নিরাপদ সড়কের দাবিতে জনসভা করেন স্থানীয় এলাকাবাসী। ওই জনসভায় নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।