কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের বাটাখালী বেইলি সেতু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বারবার পাটাতন সরে বন্ধ হয়ে যাচ্ছে যোগাযোগব্যবস্থা। ফলে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, নড়বড়ে হয়ে পড়েছে সেতুটি। গাড়ি উঠলে দুলতে থাকে। কয়েকটি স্থানে পাটাতন ছিদ্র হয়ে আছে। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না চালকেরা। অতিরিক্ত পণ্য নিয় ট্রাক চলাচল করছে সেতুর ওপর দিয়ে।
এদিকে পাশেই নির্মাণকাজ চলছে আরেকটি পাকা সেতুর।
চকরিয়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, বাটাখালী বেইলি সেতুটি অনেক পুরোনো। সর্বশেষ ২০০৩ সালে সেতুর পাটাতন পরিবর্তন করা হয়েছিল। এরপর আর সংস্কার করা হয়নি। ফলে বারবার পাটাতন সরে যাচ্ছে। তবে সেতুর পাশে আরেকটি পাকা সেতু নির্মাণ করা হচ্ছে।
আট কোটি ২৯ লাখ প্রাক্কলিত ব্যয় ধরে চট্টগ্রামের ম্যাক মেজবাহ জয়েন্ট ভেঞ্চার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে। ইতিমধ্যে সেতুর ১০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০১৫ সালের জুন মাসের মধ্যে সেতুর পুরো কাজ শেষ হবে।
চকরিয়া সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মুহাম্মদ শহিদুল আলম বলেন, গত নভেম্বরের শুরু থেকে ১ জানুয়ারি পর্যন্ত দুই মাসে অন্তত নয়বার ট্রানজাম (আড়াআাড়ি বিম) ভেঙে পাটাতন সরে গেছে। পাটাতনগুলো নদী থেকে তোলা গেলেও ট্রানজাম আনতে হয় অন্য এলাকা থেকে। কক্সবাজারে থাকা অতিরিক্ত ট্রানজামও ইতিমধ্যে শেষ হয়ে গেছে।
তিনি আরও বলেন, পাঁচ টনের বেশি ভারী যানবাহন চলাচল না করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ জন্য সেতুর দুই পাশে দুজন লোক বসানো হয়েছে। বিষয়টি অবগত করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও।
কিন্তু রাতে ও সকালে পাহারাদারেরা না থাকার সুযোগে নিষেধাজ্ঞা অমান্য করে ইট-সিমেন্ট, চাল ও লবণবোঝাই ১০ থেকে ১৫ টনের ভারী ট্রাক ঢোকানো হয়।
পরিবহনচালকেরা জানান, কয়েক দিন পর পর সেতুর পাটাতন সরে যাচ্ছে। ফলে যাত্রীদের পাশাপাশি তাঁদেরও দুর্ভোগে পড়তে হয়। দুই পাশে গাড়ি আটকে সৃষ্টি হয় যানজট।
গ্রামীণ ব্যাংকের মহেশখালী শাখার কর্মকর্তা ছরওয়ার আলম জানান, সাপ্তাহিক ছুটিতে বাড়ি ফেরা এবং ছুটি শেষে কর্মস্থলে ফিরতে তাঁকে এই বেইলি সেতুর ওপর দিয়ে চলাচল করতে হয়। কিন্তু মাঝেমধ্যে সেতুর পাটাতন সরে গেলে দুর্ভোগে পড়েন।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষচন্দ্র ধর বলেন, ‘সওজের পক্ষ থেকে পাঁচ টনের বেশি ভারী যানবাহন পারাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর পর থেকে ভারী যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। তবে গভীর রাতে কিছু ভারী যান চলাচল করছে বলে শুনেছি।’