ঝুঁকিপূর্ণ বাড়িঘর থেকে লোকজন সরানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাংকি পাহাড়ধসে মা-মেয়ের মৃত্যুর পর গতকাল সোমবার ওই এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী কয়েকটি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। তাদের লালখান বাজারের দুটি বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল গতকাল দুপুরে লালখান বাজারের টাংকি পাহাড় এলাকায় ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার কাজ তদারক করে। তাদের লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, টাংকির পাহাড়ের আকবর কলোনিতে রোববার ভোরে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়। গতকাল জেলা প্রশাসনের দলটি আকবর কলোনির মালিক আকবরের খোঁজ করেও পায়নি। পরে তারা পাহাড়ধসের স্থানটির আশপাশে আরও চারটি পরিবারকে আধঘণ্টার মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেয়। এ সময় বাসিন্দারা যেতে অনীহা প্রকাশ করলে জোরপূর্বক তুলে দেওয়া হবে বলে জানান ম্যাজিস্ট্রেট। পরে তাঁদের ঘর থেকে বের করে তালা লাগিয়ে দেওয়া হয়। পাশাপাশি বেলায়েত কলোনির কয়েকটি পরিবারকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অভিযানে অংশ নেওয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবির বলেন, ‘আমরা আগে থেকেই তাঁবুতে বেশ কিছু পরিবারকে সরিয়ে নিয়েছি। তার পরও একটি দুর্ঘটনা ঘটে গেছে। তাই আমরা সাবধানতার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ জায়গায় কয়েকটি পরিবারকে ঈদ পর্যন্ত স্কুলে সরিয়ে নিচ্ছি।’

খুলশীতে পাহাড়ধস: নগরের দক্ষিণ খুলশী ১ নম্বর সড়কে ইস্পাহানী পাহাড়ের একটি অংশ ধসে পড়েছে একটি বহুতল ভবনের গাড়িবারান্দার ওপর। রোববার এ পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে গাড়িবারান্দার দেয়াল ও একটি গাড়ি ভেঙে যায়। সরেজমিনে দেখা যায়, ইস্পাহানী পাহাড় থেকে অন্তত ২০ ফুট দূরত্বে ভবনটির অবস্থান। পাহাড়ের বিশাল অংশ ধসে এসে ভবনের ওপর পড়ে। পাহাড়ের কোনো প্রতিরক্ষা দেয়াল নেই। বাড়ির মালিক বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম জানান, ইস্পাহানী কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থাকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আগেই চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি।

জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম জানান, ‘বিষয়টি আমার জানা নেই। তবে পাহাড় মালিককে প্রতিরক্ষা দেয়াল দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে হবে।’